https://powerinai.com/

সাম্প্রতিক খবর

গুগল আর্থে যুক্ত হলো এআই ইমেজ টুল ‘ন্যানো ব্যানানা’

গুগল আর্থে যুক্ত হলো এআই ইমেজ টুল ‘ন্যানো ব্যানানা’ গুগল আর্থে যুক্ত হলো এআই ইমেজ টুল ‘ন্যানো ব্যানানা’
 

বিশ্বের বিভিন্ন স্থানের বাস্তব মানচিত্র দেখার জনপ্রিয় প্ল্যাটফর্ম গুগল আর্থ-এ এবার যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ছবি তৈরির নতুন টুল ‘ন্যানো ব্যানানা’। এর মাধ্যমে নির্দিষ্ট কোনো স্থানকে ভিত্তি করে কল্পনানির্ভর বা ধারণাভিত্তিক দৃশ্যের ছবি তৈরি করা যাবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট-এর প্রতিবেদনে বলা হয়েছে, মানচিত্রভিত্তিক একটি প্ল্যাটফর্মে এআই ইমেজ জেনারেশনের ব্যবহার নিয়ে প্রশ্ন থাকলেও গুগল এর বেশ কয়েকটি সম্ভাব্য ব্যবহার তুলে ধরেছে।

সবচেয়ে উল্লেখযোগ্য ব্যবহার হতে পারে শিক্ষা ক্ষেত্রে। গুগলের মতে, ইতিহাসের শিক্ষক ও শিক্ষার্থীরা এই টুলের সাহায্যে অতীতের বিভিন্ন ঐতিহাসিক স্থানের সম্ভাব্য রূপ কেমন ছিল, তার হাইপার-রিয়ালিস্টিক চিত্র তৈরি করতে পারবেন। উদাহরণ হিসেবে ৭৯ খ্রিষ্টাব্দে ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ধ্বংস হওয়া প্রাচীন পম্পেই নগরীর বর্তমান ধ্বংসাবশেষকে রোমান সাম্রাজ্যের সময়কার প্রাণচঞ্চল নগরীর রূপে কল্পনা করে দেখানো সম্ভব হবে।

তবে এ ধরনের ছবি বাস্তব ঐতিহাসিক নথির পরিবর্তে এআইয়ের বিশ্লেষণ ও অনুমানের ভিত্তিতে তৈরি হবে। ফলে এগুলোকে ঐতিহাসিক সত্য হিসেবে নয়, বরং একটি সম্ভাব্য ভিজ্যুয়াল উপস্থাপনা হিসেবে বিবেচনা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রযুক্তি বিশ্লেষকদের কেউ কেউ আবার প্রাথমিক উদাহরণগুলোর মান ও নির্ভুলতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

গুগল রিয়েল এস্টেট ও নগর পরিকল্পনাসহ বিভিন্ন পেশাদার ক্ষেত্রেও এ টুলের ব্যবহার দেখিয়েছে। উদাহরণ হিসেবে টোকিওর একটি খালি জায়গাকে এআই ব্যবহার করে সম্ভাব্য আধুনিক বাণিজ্যিক এলাকায় রূপান্তরের ধারণাচিত্র তৈরি করা হয়েছে, যা প্রকল্পের সম্ভাবনা ক্লায়েন্টদের সামনে সহজে উপস্থাপনে সহায়ক হতে পারে।

এ ছাড়া নির্মাণকাজ শুরুর আগেই কোনো স্থাপনার সম্ভাব্য নকশা বা পরিবেশ কেমন হতে পারে, তার ভিজ্যুয়াল উপস্থাপনাও তৈরি করা যাবে। উদাহরণ হিসেবে একটি লেকের তীরে পরিবেশবান্ধব আধুনিক কেবিনের ধারণাচিত্র দেখিয়েছে গুগল।

নতুন সংযোজনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কাস্টম ইনফোগ্রাফিক তৈরির সুবিধা। কোনো নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান নির্বাচন করলে সেই স্থান সম্পর্কে উচ্চতা, নির্মাণ উপাদান, ঐতিহাসিক তথ্যসহ বিভিন্ন তথ্য নিয়ে স্বয়ংক্রিয়ভাবে ইনফোগ্রাফিক তৈরি করতে পারবে ন্যানো ব্যানানা। উদাহরণ হিসেবে স্ট্যাচু অব লিবার্টি নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করেছে গুগল।

তবে এই সুবিধা বিশ্বের সব স্থানের জন্য সমানভাবে কার্যকর হবে, নাকি কেবল পরিচিত ও ঐতিহাসিক স্থানগুলোতেই সীমাবদ্ধ থাকবে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি। পাশাপাশি, এআই-নির্ভর তথ্যের নির্ভুলতা যাচাইয়ের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গুগল জানিয়েছে, গুগল আর্থে ন্যানো ব্যানানা ইন্টিগ্রেশন ইতোমধ্যে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আগ্রহীরা এখনই নতুন এআইভিত্তিক সুবিধাটি ব্যবহার করে বিভিন্ন স্থান বা ঐতিহাসিক স্থানের সম্ভাব্য দৃশ্য কল্পনা করে দেখতে পারবেন।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।