দেশের বাজারে নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপ্রতিষ্ঠান স্যামসাং। উন্নত ক্যামেরা, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা এবং দীর্ঘমেয়াদি সফটওয়্যার আপডেটের প্রতিশ্রুতি নিয়ে এসেছে নতুন এই ফোন। স্মার্টফোনটিতে রয়েছে এক্সিনস ২৫০০ প্রসেসর।
রাজধানীর বনানীতে গ্যাজেট অ্যান্ড গিয়ারের শোরুমে আয়োজিত অনুষ্ঠানে ফোনটির বিভিন্ন প্রযুক্তিগত বৈশিষ্ট্য তুলে ধরেন স্যামসাং বাংলাদেশের কর্মকর্তারা। ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরাসহ ১২ ও ৮ মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা। আর সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।
গ্যালাক্সি এস২৬ এফইতে ব্যবহার করা হয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে। ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং, গেম খেলা এবং ভিডিও দেখার সময় পাওয়া যাবে মসৃণ অভিজ্ঞতা। ফোনটিতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বেশ কিছু সুবিধা। অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমের সঙ্গে ওয়ান ইউআই ৯ ইন্টারফেসে চলবে ডিভাইসটি। পাশাপাশি সর্বোচ্চ সাত প্রজন্মের অপারেটিং সিস্টেম আপডেট এবং সাত বছর পর্যন্ত নিরাপত্তা হালনাগাদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে স্যামসাং।
কনটেন্ট নির্মাতাদের কথা বিবেচনায় রেখে ফোনটিতে যুক্ত করা হয়েছে ‘মাই ফ্যানক্যাম’ ও ‘সুপার স্টেডি উইথ হরাইজন্টাল লক’ সুবিধা। মাই ফ্যানক্যামের মাধ্যমে ভিডিও ধারণের সময় একাধিক ব্যক্তির মধ্য থেকে নির্দিষ্ট কাউকে গুরুত্ব দিয়ে দেখানো যাবে। অন্যদিকে সুপার স্টেডি উইথ হরাইজন্টাল লক প্রযুক্তি চলার পথে বা নড়াচড়ার মধ্যেও তুলনামূলক স্থিতিশীল ভিডিও ধারণে সহায়তা করবে।
ব্যাটারির ক্ষেত্রে ফোনটিতে রয়েছে ৪ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ৪৫ ওয়াটের চার্জার ব্যবহার করে মাত্র ৩০ মিনিটে ব্যাটারির চার্জ ৬৯ শতাংশ পর্যন্ত পূর্ণ করা সম্ভব বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া ফোনটিতে রয়েছে ৮ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ। তিনটি রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি।
অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) বিজনেসের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার ফোনটির বিভিন্ন বিশেষ সুবিধা তুলে ধরেন। গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং তাসরিফ খালেদও নতুন ফোনটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশের বাজারে গ্যালাক্সি এস২৬ এফই-এর দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২১ হাজার ৯৯৯ টাকা। ফোনটির সঙ্গে ১২ মাসের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। এ ছাড়া গ্যাজেট অ্যান্ড গিয়ারে ফোনটি কেনার ক্ষেত্রে ২ হাজার টাকা এক্সচেঞ্জ বোনাস এবং ৯ ও ১৮ মাসের কিস্তিতে কেনার সুবিধা রয়েছে।








০ টি মন্তব্য