https://powerinai.com/

সাম্প্রতিক খবর

প্রযুক্তি খাতে সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

প্রযুক্তি খাতে সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ প্রযুক্তি খাতে সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
 

ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তিগত উন্নয়নে সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ। বিশেষ করে ডিজিটাল পেমেন্ট, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ই-কমার্স খাতে দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোক। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় উঠে আসে।

সাক্ষাতে মন্ত্রী বলেন, ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর সরকারি সেবা সম্প্রসারণকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। এসব ক্ষেত্রে সিঙ্গাপুরের অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী উদ্যোগ বাংলাদেশের উন্নয়নে সহায়ক হতে পারে।

দেশের ডাকঘর নেটওয়ার্ক আধুনিকায়নের বিষয়েও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি জানান, বিদ্যমান ডাক বিভাগের অবকাঠামো কাজে লাগিয়ে ই-কমার্স, পার্সেল ডেলিভারি ও সমন্বিত লজিস্টিকস সেবার কার্যকর কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে।

সরকারি সেবায় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ, রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসেবা এবং প্রশাসনিক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোক বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহের কথা জানান। তিনি ডাক বিভাগের বিস্তৃত অবকাঠামো ব্যবহার করে ই-কমার্স, পার্সেল ডেলিভারি ও লজিস্টিকস সেবার উন্নয়নের সম্ভাবনা তুলে ধরেন।

এ ছাড়া স্বাস্থ্যসেবা, গবেষণা, বায়োমেডিক্যাল প্রযুক্তি এবং সরকারি সেবায় এআই ব্যবহারের সুযোগ নিয়েও আলোচনা করেন হাইকমিশনার। পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশের তরুণদের ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে প্রযুক্তিগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ে সিঙ্গাপুর সহযোগিতা করতে আগ্রহী।

সাক্ষাতে উভয় পক্ষ ডিজিটাল অর্থনীতি, প্রযুক্তি উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং সরকারি সেবার আধুনিকায়নে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে বলে মত প্রকাশ করেন।

এ সময় সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং, ডেস্ক অফিসার ম্রিথিনি টিজিট্রিথারান এবং এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের দক্ষিণ এশিয়াবিষয়ক ডেভেলপমেন্ট পার্টনার বেঞ্জামিন চু উপস্থিত ছিলেন।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।