দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার ও ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরতে আগামী ৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। এ আয়োজনে অংশ নিচ্ছে এআইভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘পাওয়ার ইন এআই’। সামিটের প্রদর্শনীতে প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন এআই সেবা ও ব্যবসায়িক সমাধান সরাসরি দর্শনার্থীদের সামনে তুলে ধরবে।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এ আয়োজন করছে। এবারের সামিটের মূল প্রতিপাদ্য ‘AI-fication for Tomorrow’s Economy’।
আয়োজকদের লক্ষ্য, দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প, আর্থিক খাত ও বিভিন্ন প্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো এবং প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি করা।
সামিটে অংশগ্রহণের মাধ্যমে পাওয়ার ইন এআই ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন কার্যক্রমে এআই প্রযুক্তির বাস্তব প্রয়োগ তুলে ধরবে। প্রতিষ্ঠানটির প্রদর্শনীতে থাকবে ভয়েস এআই (Voice AI), কনভারসেশন এআই (Conversation AI), এআই সেলস ইঞ্জিন (AI Sales Engine) এবং কল কোয়ালিটি অ্যান্ড ট্রেনিং (Call Quality & Training)–এর মতো প্রযুক্তিনির্ভর সেবা।
এসব প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের ফোনকল ও বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেওয়া, গ্রাহক যোগাযোগ ব্যবস্থাপনা, বিক্রয় কার্যক্রমে ফলোআপ এবং কলের মান পর্যবেক্ষণের মতো কাজ আরও সহজ ও কার্যকর করার সুযোগ রয়েছে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠানে প্রতিদিন বিপুলসংখ্যক গ্রাহকের সঙ্গে যোগাযোগ করতে হয়, তাদের জন্য এ ধরনের এআই সেবা সময় ও পরিচালন ব্যয় কমাতে সহায়ক হতে পারে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সামিটে আগত দর্শনার্থীরা তাদের স্টলে সরাসরি এআই প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতে পারবেন এবং বিভিন্ন সেবার কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারবেন। পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী কীভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকসেবা, বিক্রয় ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ কার্যক্রম আরও গতিশীল করা যায়, সে বিষয়েও আলোচনা করার সুযোগ থাকবে।
এদিকে এবারের এআই বিজনেস সামিটে দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকদের অংশগ্রহণের কথা রয়েছে। সম্মেলনে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে এআই বিপ্লবের সম্ভাবনা ও চ্যালেঞ্জ, শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা এবং বাস্তব সমস্যার সমাধানে এআই প্রযুক্তির ব্যবহার।
পাশাপাশি ‘AI Business Expo’-তে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উদ্ভাবিত প্রযুক্তি, পণ্য ও সেবা প্রদর্শন করবে। এর মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠান, প্রযুক্তি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ এবং নতুন ব্যবসায়িক সহযোগিতার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাপী ব্যবসা ও শিল্প খাতে এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। গ্রাহকসেবা, বিপণন, তথ্য বিশ্লেষণ, বিক্রয় ব্যবস্থাপনা এবং দৈনন্দিন কার্যক্রম স্বয়ংক্রিয় করার ক্ষেত্রে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর জন্যও এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা তৈরির সুযোগ রয়েছে।
এমন প্রেক্ষাপটে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬ প্রযুক্তি প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের মধ্যে নতুন সংযোগ তৈরির পাশাপাশি দেশের এআইভিত্তিক ব্যবসায়িক পরিবেশ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।









০ টি মন্তব্য