দেশের বাজারে বিদ্যুৎ ও ওয়াই-ফাই সংযোগ ছাড়াই নজরদারি করতে সক্ষম সৌরবিদ্যুৎচালিত নিরাপত্তা ক্যামেরা এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ‘টিয়ান্ডি টিসি-এইচ৩৬৩এন ৯ডিবি-৪ ৪জি’ মডেলের ক্যামেরাটি সৌরশক্তি ও ব্যাটারির মাধ্যমে পরিচালিত হওয়ায় বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন ও গুদামঘরের নিরাপত্তায় ব্যবহার করা যাবে।
ক্যামেরাটিতে রয়েছে ৩ মেগাপিক্সেলের দুটি লেন্স। এর একটি স্থিরভাবে দৃশ্য ধারণ করে এবং অন্যটি চারপাশের দৃশ্য পর্যবেক্ষণ করতে পারে। পাশাপাশি রয়েছে ডিজিটাল জুম ও অটো-ট্র্যাকিং সুবিধা। এর মাধ্যমে মানুষ ও যানবাহনের গতিবিধি শনাক্ত করা সম্ভব। ইনফ্রারেড নাইট ভিশন প্রযুক্তির কারণে রাতের অন্ধকারেও নজরদারি করা যাবে।
ক্যামেরাটিতে ১০ হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি এবং ৭ দশমিক ৬ ওয়াটের ইটিএফই সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, সুপার পাওয়ার-সেভিং মোডে ব্যাটারি সর্বোচ্চ ৩৫ দিন এবং ইন্টেলিজেন্ট এআই মোডে ১০ দিন পর্যন্ত চলতে পারে।
এ ছাড়া এতে রয়েছে বিল্ট-ইন মাইক্রোফোন, দ্বিমুখী স্পিকার এবং সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট মাইক্রোএসডি কার্ডে তথ্য সংরক্ষণের সুবিধা। ভিডিও সংরক্ষণে এসপ্লাস২৬৫ ও এইচ২৬৫ কমপ্রেশন প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। ক্যামেরাটি কেনার সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।









০ টি মন্তব্য