অ্যাপল মিউজিকে নতুন ‘সেলফি সিং’ ফিচার যুক্ত করছে প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল। এর মাধ্যমে ব্যবহারকারীরা পছন্দের গানের সঙ্গে নিজের কণ্ঠ মিলিয়ে গান গাওয়ার পাশাপাশি সরাসরি ভিডিও রেকর্ড করতে পারবেন। এ জন্য আলাদা কোনো অ্যাপ ব্যবহারের প্রয়োজন হবে না।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে চালু হওয়া অ্যাপল মিউজিকের জনপ্রিয় কারাওকে সুবিধা ‘অ্যাপল মিউজিক সিং’-এর উন্নত সংস্করণ হিসেবে নতুন ফিচারটি তৈরি করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘সেলফি সিং’।
গান গাওয়ার সঙ্গে হবে ভিডিও রেকর্ডিং
নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা গান চালু করে নিজের কণ্ঠে গান গাওয়ার সময় আইফোনের ক্যামেরা ব্যবহার করে ভিডিও ধারণ করতে পারবেন। এ সময় গানের কথা পর্দায় দেখা যাবে, ফলে গানের সঙ্গে তাল মিলিয়ে গাইতে সুবিধা হবে।
পছন্দের গান নির্বাচন করে ক্যামেরা চালু করলেই ভিডিও রেকর্ডিং শুরু হবে। রেকর্ড করা ভিডিও সংরক্ষণ কিংবা বন্ধুদের সঙ্গে শেয়ার করার আগে নিজের কণ্ঠে বিভিন্ন অডিও ইফেক্টও যুক্ত করা যাবে।
থাকছে বিভিন্ন অডিও ইফেক্ট
সেলফি সিং ফিচারে ব্যবহারকারীদের জন্য একাধিক অডিও ইফেক্ট রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘মেগাফোন’, ‘ইকো’, ‘কনসার্ট হল’ ও ‘স্টুডিও’। এসব ইফেক্ট ব্যবহার করে গানের সঙ্গে নিজের কণ্ঠের শব্দ আরও আকর্ষণীয় করে তোলা যাবে।
তবে অ্যাপল মিউজিকের সব গানের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না। আপাতত নির্দিষ্ট কিছু প্লেলিস্টের গানেই ফিচারটি ব্যবহার করা যাবে।
আইওএস ২৭.৩ আপডেটে আসছে ফিচার
অ্যাপলের নতুন এই সুবিধা যুক্ত হচ্ছে আইওএস ২৭.৩ সংস্করণে। ইতিমধ্যে অপারেটিং সিস্টেমটির বেটা সংস্করণ ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
নতুন আপডেটে সেলফি সিংয়ের পাশাপাশি সিরির কিছু নতুন এআই সুবিধা এবং নতুন নকশার হেলথ অ্যাপ যুক্ত হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের দিকে আইওএস ২৭.৩-এর চূড়ান্ত সংস্করণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হতে পারে।
নতুন ফিচারটি চালু হলে অ্যাপল মিউজিক ব্যবহারকারীরা গান শোনা ও কারাওকে উপভোগের পাশাপাশি নিজেদের গানের ভিডিও তৈরি এবং শেয়ার করার সুযোগ পাবেন।










০ টি মন্তব্য