https://powerinai.com/

ফোন নম্বর কীভাবে পৌঁছে যায় স্প্যামার ও প্রতারকদের হাতে?

২ মিনিট পড়ুন
ফোন নম্বর কীভাবে পৌঁছে যায় স্প্যামার ও প্রতারকদের হাতে? ফোন নম্বর কীভাবে পৌঁছে যায় স্প্যামার ও প্রতারকদের হাতে?

অচেনা নম্বর থেকে বারবার ফোন, অপ্রয়োজনীয় বিজ্ঞাপনের বার্তা কিংবা অর্ডার না করা পণ্যের ডেলিভারি সংক্রান্ত কল—এ ধরনের বিরক্তিকর অভিজ্ঞতার পেছনে থাকতে পারে ব্যক্তিগত ফোন নম্বরের অননুমোদিত ব্যবহার। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, তথ্য কেনাবেচা এবং সাইবার প্রতারণার মাধ্যমে ব্যবহারকারীদের ফোন নম্বর পৌঁছে যাচ্ছে স্প্যামার ও প্রতারকদের হাতে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন উপায়ে সংগ্রহ করা ফোন নম্বর ব্যবহার করে স্প্যাম কল ও প্রতারণামূলক বার্তা পাঠানো হয়। এর মধ্যে কিছু পদ্ধতি ব্যবহারকারীর নিয়ন্ত্রণের বাইরে থাকলেও অসতর্ক অনলাইন কার্যক্রমের কারণে ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়তে পারে।

অনেক ওয়েবসাইট ও ডিজিটাল সেবায় অ্যাকাউন্ট খোলার সময় ফোন নম্বর দিতে হয়। পরবর্তী সময়ে এসব প্রতিষ্ঠানের ডেটাবেইজ সাইবার হামলার শিকার হলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। এ ছাড়া স্বয়ংক্রিয় কলিং প্রযুক্তির মাধ্যমে এলোমেলো নম্বরে ফোন করেও সম্ভাব্য গ্রাহক বা ভুক্তভোগীদের শনাক্ত করে প্রতারক চক্র।

ফোন নম্বর সংগ্রহের আরেকটি বড় উৎস তথ্য কেনাবেচা। বিভিন্ন তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে পারে। অনলাইন অ্যাকাউন্ট খোলা, পুরস্কার প্রতিযোগিতায় অংশ নেওয়া কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রাহকসেবা কর্মসূচিতে যুক্ত হওয়ার সময় অনেকেই না বুঝে তথ্য ভাগাভাগির অনুমতি দেন। ওয়েবসাইটের শর্তাবলিতে থাকা বিভ্রান্তিকর চেকবক্সের মাধ্যমেও এ ধরনের সম্মতি নেওয়া হতে পারে।

এ ছাড়া ফিশিং প্রতারণার মাধ্যমেও ফোন নম্বরসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে সাইবার অপরাধীরা। ভুয়া লগইন পেজ, সন্দেহজনক ওয়েবসাইট, নকল মোবাইল অ্যাপ কিংবা ভুয়া চাকরির বিজ্ঞাপনে আবেদন করার সময় ব্যবহারকারীরা অজান্তেই নিজেদের তথ্য প্রতারকদের হাতে তুলে দিতে পারেন।


বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, এসব ঝুঁকি কমাতে অনলাইনে ব্যক্তিগত তথ্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। অপরিচিত ও সন্দেহজনক ওয়েবসাইটে নিবন্ধন এড়িয়ে চলার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রকাশ্য প্রোফাইলে ফোন নম্বর গোপন রাখা উচিত। কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার আগে তার গোপনীয়তা নীতি ও তথ্য ব্যবহারের শর্ত ভালোভাবে যাচাই করা প্রয়োজন।

ব্যবহারকারীরা তাঁদের ইমেইল ঠিকানা কোনো পরিচিত তথ্য ফাঁসের ঘটনায় যুক্ত হয়েছে কি না, তা ‘Have I Been Pwned’ ওয়েবসাইটে পরীক্ষা করতে পারেন। পাশাপাশি নিজের ফোন নম্বর উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখে গুগলে অনুসন্ধান করলে অনলাইনে নম্বরটি প্রকাশিত আছে কি না, সে সম্পর্কেও ধারণা পাওয়া যেতে পারে।

স্প্যাম কল পুরোপুরি বন্ধ করা কঠিন হলেও সচেতনতা, ব্যক্তিগত তথ্যের সীমিত ব্যবহার এবং নিরাপদ অনলাইন অভ্যাসের মাধ্যমে এ ধরনের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।