স্মার্টওয়াচের মতো শরীরের নানা তথ্য জানাবে, তবে সঙ্গে মস্তিষ্কের স্বাস্থ্য ও রক্তপ্রবাহের পরিবর্তনও পর্যবেক্ষণ করার দাবি করছে ছোট্ট একটি পরিধানযোগ্য ডিভাইস ‘টেম্পল’। জোম্যাটোর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা দীপিন্দর গোয়েলের সঙ্গে যুক্ত এই ডিভাইস নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। কানের পাশে বা কপালের রগের কাছে লাগিয়ে ব্যবহার করা যায় এই যন্ত্র।
টেম্পল কী তথ্য জানাবে ও কীভাবে কাজ করে
সাধারণ স্মার্টওয়াচে হৃদস্পন্দন, ঘুমের সময় ও দৈনন্দিন শারীরিক সক্রিয়তার মতো তথ্য দেখা যায়। টেম্পলেও এ ধরনের কিছু সুবিধা থাকার কথা বলা হচ্ছে। তবে নির্মাতাদের দাবি, এটি মস্তিষ্কের স্বাস্থ্য, বয়স বাড়ার প্রক্রিয়া এবং চিন্তা-ভাবনা ও উপলব্ধিসংক্রান্ত কার্যক্রমের দিকেও নজর রাখবে।
যন্ত্রটি মূলত অপটিক্যাল সেন্সরের সাহায্যে কাজ করে। কপালের রগের পাশে লাগানো অবস্থায় এটি মস্তিষ্কে রক্তপ্রবাহের পরিবর্তন মাপার চেষ্টা করে। সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে প্রতিদিন একটি ‘এনট্রপি’ স্কোর তৈরি হয়, যার পরিসর ১ থেকে ২৫০। দাবি অনুযায়ী, এই স্কোর থেকে শরীর ও মনের ওপর চাপ, মানসিক উদ্বেগ বা পর্যাপ্ত ঘুম না হওয়ার মতো বিষয়ে ধারণা পাওয়া যেতে পারে।
টেম্পল সম্পর্কে এ পর্যন্ত যা জানা গেছে
- প্রি-বুকিং: চলতি বছরের নভেম্বর থেকে শুরু হয়েছে
- বাজারে আসার সময়: সব পরিকল্পনা ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকে
- দাম: শুরুতে ৭২ হাজার টাকার ধারণা থাকলেও সাম্প্রতিক তথ্য অনুযায়ী প্রায় ৮৫ হাজার টাকা
- উৎপাদন: গত মে মাসে প্রাথমিকভাবে ১০০টি ডিভাইস তৈরির কথা জানিয়েছিলেন দীপিন্দর গোয়েল
চিকিৎসার যন্ত্র নয়, ফিটনেস ট্র্যাকার
প্রকাশিত তথ্য অনুযায়ী, টেম্পল মূলত একটি ফিটনেস ও স্বাস্থ্য পর্যবেক্ষণ ডিভাইস। রোগ নির্ণয় বা চিকিৎসার বিকল্প হিসেবে এর ওপর নির্ভর করা ঠিক হবে না। মস্তিষ্কে রক্তপ্রবাহ মাপতে পারে এমন পরিধানযোগ্য প্রযুক্তি নিয়ে গবেষণা হলেও এ ধরনের যন্ত্রের ব্যবহার এখনো অনেক ক্ষেত্রে পরীক্ষাগার ও ক্লিনিক্যাল ট্রায়ালে সীমিত, আর বাস্তব জীবনে এর কার্যকারিতা নিয়ে আরও গবেষণা দরকার।
এটি জোম্যাটোর তৈরি কোনো পণ্য নয়, বরং স্বাধীন গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তৈরি হচ্ছে। তাই বাজারে এলেও এর কার্যকারিতা, ব্যবহারিক উপযোগিতা ও দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষার ফলের অপেক্ষা করতে হবে।





০ টি মন্তব্য