প্রযুক্তির অপব্যবহারের এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে দক্ষিণ কোরিয়ায়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জাতীয় পর্যায়ের একটি নিয়োগ পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে প্রথম স্থান অর্জনের কথা স্বীকার করেছেন এক পরীক্ষার্থী। ১৬০টি প্রশ্নের মধ্যে ১৫৯টির সঠিক উত্তর দিয়ে প্রায় নিখুঁত ফলাফল করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে তার অভিনব প্রতারণার কৌশল।
ঘটনাটি ঘটে দক্ষিণ কোরিয়ার জাতীয় কর হিসাবরক্ষক নিয়োগ পরীক্ষায়। পরীক্ষার্থী এপ্রিল ও জুলাইয়ে অনুষ্ঠিত যোগ্যতা যাচাইয়ের দুই ধাপেই প্রথম স্থান অর্জন করেন। প্রথম ধাপের ৪০০ নম্বরের পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ছিল ৩৯৭ দশমিক ৫। মাত্র একটি প্রশ্নের ভুল উত্তর দেওয়ায় তার ফলাফল নিয়ে সন্দেহ তৈরি হয়। পরবর্তী সময়ে পরীক্ষায় স্মার্ট চশমা ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগ ওঠে।
প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে আইনজীবীর মাধ্যমে নিজের অপরাধ স্বীকার করেন হান পদবির ওই পরীক্ষার্থী। তিনি জানান, পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলতে একটি ক্ষুদ্র ক্যামেরা ব্যবহার করেছিলেন। এরপর ছবিগুলো এআই ব্যবস্থায় পাঠিয়ে সেখান থেকে উত্তর সংগ্রহ করেন। পরে স্মার্টফোনের মাধ্যমে সেই উত্তর দেখে পরীক্ষায় লিখেছিলেন তিনি।
নিজের এই কর্মকাণ্ডের বিষয়ে সিউল পুলিশের কাছেও লিখিত স্বীকারোক্তি জমা দিয়েছেন ওই পরীক্ষার্থী। পুলিশ জানিয়েছে, তার আইনজীবীর মাধ্যমে পাওয়া স্বীকারোক্তি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এ ঘটনা দেশটিতে পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিতব্য বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে কর্তৃপক্ষ। দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও পেশাগত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরীক্ষায় প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে ইতোমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। সরকারি পর্যায়েও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আসন্ন ভর্তি পরীক্ষা যেন কোনো ধরনের জালিয়াতি ছাড়াই সম্পন্ন হয়, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এআই প্রযুক্তি শিক্ষা ও পরীক্ষার প্রস্তুতিতে নতুন সম্ভাবনা তৈরি করলেও এর অপব্যবহার যে প্রচলিত পরীক্ষা পদ্ধতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, দক্ষিণ কোরিয়ার এই ঘটনা তারই একটি উল্লেখযোগ্য উদাহরণ।









০ টি মন্তব্য