দেশের তরুণ প্রজন্মকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে ৬৪ জেলায় বিনামূল্যে প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং ভবিষ্যতের কর্মবাজারের উপযোগী করে তরুণদের প্রস্তুত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন পরিচালিত ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে। ইতোমধ্যে এআইভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
প্রকল্পের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীরা এ প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস। আগ্রহীদের আগামী ২৪ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে ১ ডিসেম্বর ২০২৬ থেকে এবং চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। মোট ৫০ দিনের এ কোর্সে ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিদিন ছয় ঘণ্টা করে চলবে ক্লাস ও ব্যবহারিক কার্যক্রম। প্রশিক্ষণার্থীদের এআই প্রযুক্তির মৌলিক ধারণা, ব্যবহারিক প্রয়োগ এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন কাজের দক্ষতা অর্জনের সুযোগ থাকবে।
এ প্রশিক্ষণের জন্য কোনো ধরনের ফি দিতে হবে না। পাশাপাশি অনাবাসিক প্রশিক্ষণার্থীদের প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের খাবারের ব্যবস্থাও থাকবে। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের সনদ প্রদান করা হবে।
আবেদনকারীদের মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। নির্ধারিত সূচি অনুযায়ী ২৮ নভেম্বর লিখিত পরীক্ষা, ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা এবং ৩০ নভেম্বর চূড়ান্ত নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচিত পরীক্ষার্থীদের পরীক্ষার সময় ও স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে।
আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার পর ফরমের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
দেশের সব জেলায় এ প্রশিক্ষণ চালুর মাধ্যমে তরুণদের মধ্যে এআই প্রযুক্তির জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল সেবার ক্ষেত্রে তরুণদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।










০ টি মন্তব্য