বডি টেক্সট:
দেশে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগের বিস্তার ঘটলেও ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহারে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের তুলনায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ। শুধু ইন্টারনেট সংযোগ নিশ্চিত করলেই ডিজিটাল রূপান্তর সম্ভব হচ্ছে না। প্রযুক্তি ব্যবহারের জ্ঞান, স্মার্টফোন কেনার সামর্থ্য এবং অনলাইন সেবায় মানুষের অংশগ্রহণের ঘাটতি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি দেশের ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রেও নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জিএসএমএ ইন্টেলিজেন্সের যৌথ গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ‘ক্লোজিং দ্য মোবাইল কানেক্টিভিটি গ্যাপ ইন ডেভেলপিং এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক প্রতিবেদনটি ২০২৬ সালের অক্টোবরে প্রকাশিত হয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪২টি দেশের ডিজিটাল সংযোগ, অনলাইন সেবার ব্যবহার এবং প্রযুক্তিগত বৈষম্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনের ডিজিটালাইজেশন শ্রেণিবিন্যাসে বাংলাদেশকে ‘ইমার্জিং’ পর্যায়ে রাখা হয়েছে। একই অবস্থানে রয়েছে ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ভারত ও মালদ্বীপ রয়েছে তুলনামূলক এগিয়ে থাকা ‘ট্রানজিশনিং’ পর্যায়ে। আফগানিস্তান রয়েছে প্রাথমিক ‘নাসেন্ট’ পর্যায়ে।
মোবাইল কানেক্টিভিটি সূচকে বাংলাদেশের উন্নতি হলেও প্রতিবেশী কয়েকটি দেশের তুলনায় অগ্রগতির গতি কম। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশের সূচক বেড়েছে ৭ দশমিক ৪ পয়েন্ট। একই সময়ে পাকিস্তানের ১০ দশমিক ৭, ভারতের ৮ দশমিক ৯ এবং নেপালের ৭ দশমিক ৭ পয়েন্ট উন্নতি হয়েছে।
বাংলাদেশে মোবাইল ইন্টারনেট সম্পর্কে জানেন, কিন্তু ব্যবহার করেন না—এমন প্রাপ্তবয়স্কদের মধ্যে ২৬ শতাংশ পড়তে ও লিখতে অসুবিধাকে প্রধান বাধা হিসেবে উল্লেখ করেছেন। ভারতে এ হার ১৭ শতাংশ এবং পাকিস্তানে ৩২ শতাংশ। অর্থাৎ প্রযুক্তির সুযোগ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার অভাবে একটি বড় জনগোষ্ঠী ইন্টারনেট ব্যবহারে আগ্রহী বা সক্ষম হয়ে উঠতে পারছে না।
এ ছাড়া স্মার্টফোনের উচ্চমূল্যকে বাধা হিসেবে উল্লেখ করেছেন ১০ শতাংশ উত্তরদাতা। সময়ের অভাব ৮ শতাংশ, পরিবারের অসম্মতি ৭ শতাংশ এবং মোবাইল ডিভাইস ব্যবহারে অসুবিধার কথা জানিয়েছেন আরও ৭ শতাংশ। ইন্টারনেট ডেটার মূল্য এবং বাংলা ভাষায় পর্যাপ্ত কনটেন্টের অভাব—দুটিকেই বাধা হিসেবে চিহ্নিত করেছেন ৬ শতাংশ করে উত্তরদাতা।
প্রতিবেদনের ২০২৫ সালের ভোক্তা জরিপে দেখা যায়, বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের ব্যবহার মূলত যোগাযোগ ও বিনোদনকেন্দ্রিক। ব্যবহারকারীদের ৮৫ শতাংশ ভিডিও কল করেন। অনলাইন কল এবং ভিডিও দেখার ক্ষেত্রে এ হার ৭৯ শতাংশ করে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন ৭৪ শতাংশ এবং অনলাইন বিনোদনে যুক্ত থাকেন ৭৩ শতাংশ।
অন্যদিকে ইন্টারনেটের মাধ্যমে তথ্য অনুসন্ধান করেন ৪৪ শতাংশ, সংবাদ পড়েন ৩৭ শতাংশ এবং চাকরি বা ব্যবসাসংক্রান্ত তথ্য খোঁজেন ৩২ শতাংশ। শিক্ষা ও অনলাইন প্রশিক্ষণে ইন্টারনেট ব্যবহারকারীর হার মাত্র ২৫ শতাংশ।
ডিজিটাল আর্থিক সেবা এবং সরকারি অনলাইন সেবার ব্যবহারেও রয়েছে ঘাটতি। বাংলাদেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের প্রায় ৫০ শতাংশ অনলাইন ব্যাংকিং বা মোবাইল আর্থিক সেবা ব্যবহার করেন। ভারতে এ হার ৫৬ শতাংশ। আর মাসে অন্তত একবার সরকারি অনলাইন সেবা গ্রহণ করেন বাংলাদেশের মাত্র ১৭ শতাংশ ব্যবহারকারী। ভারতে এ হার ৩৮ শতাংশ এবং শ্রীলঙ্কায় ২৯ শতাংশ।
বিশ্লেষণে দেখা যাচ্ছে, বাংলাদেশের সামনে এখন শুধু ইন্টারনেট অবকাঠামো সম্প্রসারণ নয়, বরং মানুষের ডিজিটাল সক্ষমতা বাড়ানোও জরুরি। সাশ্রয়ী স্মার্টফোন ও ইন্টারনেট নিশ্চিত করার পাশাপাশি বাংলা ভাষায় মানসম্মত ডিজিটাল কনটেন্ট তৈরি, ব্যবহারিক প্রযুক্তি প্রশিক্ষণ এবং অনলাইন সেবার সহজলভ্যতা বাড়ানো প্রয়োজন।
বিশেষ করে তরুণ জনগোষ্ঠী, নারী, গ্রামীণ জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রযুক্তি ব্যবহারের সুযোগ বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে হবে। তা না হলে ইন্টারনেট সংযোগের বিস্তার ঘটলেও শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা এবং সরকারি সেবায় প্রযুক্তির প্রত্যাশিত সুফল পাওয়া কঠিন হবে। ডিজিটাল অগ্রগতির পরবর্তী ধাপে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় কাজ হবে সংযোগের সুযোগকে বাস্তব দক্ষতা ও উৎপাদনশীল ব্যবহারে রূপান্তর করা।











০ টি মন্তব্য