https://powerinai.com/

বিমানবন্দরে নামলেই ভ্রমণ পরামর্শ দেবে গুগল ম্যাপস, আসছে নতুন এআই সুবিধা

২ মিনিটে পড়ুন
বিমানবন্দরে নামলেই ভ্রমণ পরামর্শ দেবে গুগল ম্যাপস, আসছে নতুন এআই সুবিধা বিমানবন্দরে নামলেই ভ্রমণ পরামর্শ দেবে গুগল ম্যাপস, আসছে নতুন এআই সুবিধা

অপরিচিত কোনো শহরে বিমান থেকে নামার পর কোথায় যাবেন, কীভাবে শহরের কেন্দ্রে পৌঁছাবেন কিংবা আশপাশে কোথায় ভালো রেস্তোরাঁ রয়েছে—এসব তথ্য সহজে জানাতে নতুন সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে গুগল। নতুন এ সুবিধা চালু হলে বিমানবন্দরে পৌঁছানোর পরপরই ব্যবহারকারীদের স্বাগত জানিয়ে বার্তা পাঠাবে গুগল ম্যাপস। এর মাধ্যমে ভ্রমণকারীরা আশপাশের দর্শনীয় স্থান, রেস্তোরাঁ এবং স্থানীয় আয়োজন সম্পর্কে জানতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড অ্যাপের কোড বিশ্লেষণ করে নতুন এ সুবিধার সন্ধান পাওয়া গেছে। এতে দেখা গেছে, অন্য কোনো শহরের বিমানবন্দরে পৌঁছালে ব্যবহারকারীদের ‘আস্ক ম্যাপস’ সুবিধা ব্যবহারের পরামর্শ দিয়ে স্বয়ংক্রিয় বার্তা পাঠানোর ব্যবস্থা যুক্ত করা হচ্ছে।

নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা বিমানবন্দর থেকে শহরের কেন্দ্রস্থলে যাওয়ার পথ, কাছাকাছি ভালো রেস্তোরাঁ কিংবা রাতে কোথায় বিনোদনমূলক আয়োজন হচ্ছে, সে বিষয়ে জানতে পারবেন। ফলে অপরিচিত শহরে পৌঁছে আলাদাভাবে বিভিন্ন তথ্য অনুসন্ধানের প্রয়োজন কমবে।

প্রতিবেদন অনুযায়ী, গুগল ম্যাপস ব্যবহারকারীদের জন্য আগে থেকেই কিছু প্রশ্নের নমুনাও তৈরি করে রাখছে। এসব প্রশ্নের মাধ্যমে সহজেই ‘আস্ক ম্যাপস’-এর সঙ্গে কথোপকথন শুরু করা যাবে। সাধারণ ভাষায় নিজের প্রয়োজন জানালে এআই প্রযুক্তির সাহায্যে বিভিন্ন স্থান ও কার্যক্রম সম্পর্কে পরামর্শ দেবে সুবিধাটি। এতে প্রচলিত সার্চ ফিল্টার বা নির্দিষ্ট কীওয়ার্ড ব্যবহার না করেও পছন্দ অনুযায়ী তথ্য পাওয়া সম্ভব হবে।

গুগল ম্যাপসের অ্যাপ কোডে ‘এয়ারপোর্ট জিওফেন্স সিঙ্ক ওয়ার্কার’ নামের একটি ব্যাকগ্রাউন্ড কম্পোনেন্টেরও সন্ধান পাওয়া গেছে। জিওফেন্স প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করা সম্ভব। ফলে কেউ বিমানবন্দরের নির্ধারিত এলাকায় পৌঁছালে তাঁর স্মার্টফোনে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানো যাবে। এ সুবিধা চালু করতে গুগল জেমিনাইয়ের ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ প্রযুক্তিও ব্যবহার করতে পারে।

অ্যান্ড্রয়েড অ্যাপের কোডে বিশ্বের ৯০টির বেশি বিমানবন্দরের অবস্থানের তথ্য পাওয়া গেছে। তালিকায় লন্ডন, নিউইয়র্ক, দুবাই, সিঙ্গাপুর, টোকিও, সিডনি, দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুর বিমানবন্দর রয়েছে।

তবে নতুন সুবিধাটি কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে গুগল এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।