বাসায় ওয়াই-ফাই ব্যবহার করতে গিয়ে ধীরগতির সমস্যায় পড়েন অনেকেই। অনলাইনে অফিসের কাজ, ভিডিও কল, গেমিং কিংবা ভিডিও স্ট্রিমিং—সব ক্ষেত্রেই ইন্টারনেটের গতি কম থাকলে ভোগান্তি বাড়ে। তবে কিছু সাধারণ সেটিংস পরিবর্তন ও কার্যকর পদক্ষেপ অনুসরণ করে ওয়াই-ফাই সংযোগের মান উন্নত করা সম্ভব।
রাউটারের অবস্থান পরিবর্তন করুন
ওয়াই-ফাইয়ের গতি ও নেটওয়ার্ক কভারেজ অনেকটাই নির্ভর করে রাউটারের অবস্থানের ওপর। তাই রাউটার ঘরের মাঝামাঝি খোলা ও উঁচু জায়গায় রাখা ভালো। দেয়াল, আলমারি কিংবা বড় আসবাবপত্রের আড়ালে রাউটার রাখলে সংকেত দুর্বল হতে পারে। পাশাপাশি মাইক্রোওয়েভ ওভেনের মতো বৈদ্যুতিক যন্ত্র থেকে রাউটার দূরে রাখুন।
সঠিক ফ্রিকোয়েন্সি ব্যান্ড নির্বাচন করুন
আধুনিক অধিকাংশ রাউটারে ২.৪ গিগাহার্টজ ও ৫ গিগাহার্টজ—দুই ধরনের ব্যান্ড ব্যবহারের সুবিধা রয়েছে। ৫ গিগাহার্টজ ব্যান্ড তুলনামূলক বেশি গতি দিতে পারে। তাই অনলাইন গেমিং, ভিডিও কল ও দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের জন্য এটি উপযোগী। অন্যদিকে, রাউটার থেকে দূরে থাকা ডিভাইসের ক্ষেত্রে ২.৪ গিগাহার্টজ ব্যান্ড বেশি কার্যকর হতে পারে। কারণ এই ব্যান্ডের সংকেত তুলনামূলক বেশি দূরত্বে পৌঁছায়।
রাউটার রিস্টার্ট করুন
দীর্ঘ সময় চালু থাকার কারণে রাউটারে সাময়িক প্রযুক্তিগত সমস্যা তৈরি হতে পারে। ইন্টারনেটের গতি হঠাৎ কমে গেলে রাউটার বন্ধ করে কয়েক মিনিট অপেক্ষা করে আবার চালু করুন। অনেক ক্ষেত্রে এই পদ্ধতিতে সংযোগের সাময়িক সমস্যা দূর হয় এবং স্বাভাবিক গতি ফিরে আসে।
অব্যবহৃত ডিভাইসের সংযোগ বন্ধ রাখুন
একই ওয়াই-ফাই নেটওয়ার্কে অতিরিক্ত ডিভাইস যুক্ত থাকলে ব্যান্ডউইডথের ওপর চাপ তৈরি হতে পারে। রাউটারের অ্যাপ বা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করে সংযুক্ত ডিভাইসের তালিকা পরীক্ষা করুন। অপরিচিত কিংবা অপ্রয়োজনীয় ডিভাইসের সংযোগ বিচ্ছিন্ন করলে নেটওয়ার্ক ব্যবস্থাপনা সহজ হবে।
পুরোনো রাউটার বদলে ফেলুন
দীর্ঘদিন ব্যবহৃত পুরোনো রাউটার নতুন ইন্টারনেট সংযোগের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে নাও পারে। এ ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির রাউটার ব্যবহার করলে সংযোগের গতি ও কভারেজ উন্নত হতে পারে। তবে নতুন রাউটার কেনার আগে ইন্টারনেট প্যাকেজের গতি, বাড়ির আয়তন এবং প্রয়োজনীয় ডিভাইসের সংখ্যা বিবেচনা করা জরুরি।
এসব পদক্ষেপ অনুসরণের পরও ইন্টারনেটের গতি প্রত্যাশিত পর্যায়ে না এলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) সঙ্গে যোগাযোগ করুন। প্রয়োজনে সংযোগের সমস্যা, সিগন্যালের দুর্বলতা এবং লাইনের ত্রুটি পরীক্ষা করিয়ে নিন।











০ টি মন্তব্য