বিমান চলাচলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে নতুন প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে চীন। দেশটির রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (COMAC) তৈরি করেছে ১০ টন শ্রেণির বৈদ্যুতিক যাত্রীবাহী উড়োজাহাজ CE-25A। সম্প্রতি উড়োজাহাজটি প্রথমবারের মতো চালকসহ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে।
১৪ নভেম্বর চীনের শানডং প্রদেশের বিনঝৌ শহরে এই পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালিত হয়। এতে দুজন পাইলট ও একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার ছিলেন। উড়োজাহাজটি আকাশে ১৬ মিনিট ৩৮ সেকেন্ড অবস্থান করে প্রায় ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ অতিক্রম করে। পরীক্ষার পর COMAC জানিয়েছে, উড়োজাহাজটির কার্যক্রম স্বাভাবিক ছিল এবং সব পারফরম্যান্স সূচক প্রত্যাশা অনুযায়ী পাওয়া গেছে।
CE-25A উড়োজাহাজটি মূলত স্বল্প দূরত্বের আন্তনগর যাত্রী পরিবহনের জন্য তৈরি করা হয়েছে। এতে একসঙ্গে সর্বোচ্চ ১৯ জন যাত্রী বহন করা সম্ভব। উড়োজাহাজটির সর্বোচ্চ উড্ডয়ন ওজন ১০ টন, ঘণ্টায় সর্বোচ্চ ক্রুজিং গতি ৩০০ কিলোমিটার এবং ক্রুজিং উচ্চতা প্রায় ২ হাজার ৪০০ মিটার। একবার চার্জে এর ঘোষিত উড্ডয়ন সক্ষমতা প্রায় ৪০০ কিলোমিটার।
প্রচলিত উড়োজাহাজের মতো এতে জ্বালানিচালিত টার্বোফ্যান বা টার্বোপ্রপ ইঞ্জিন ব্যবহার করা হয়নি। এর পরিবর্তে ডানার ওপর স্থাপন করা হয়েছে ১০টি বৈদ্যুতিক ডাক্টেড ফ্যান। এই বিশেষ প্রযুক্তিতে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে ফ্যানগুলো পরিচালিত হয়, যা উড়োজাহাজকে সামনে এগিয়ে নিতে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে।
এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি উড়োজাহাজটি প্রথমবারের মতো চালকবিহীন স্বয়ংক্রিয় পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে। পরবর্তী সময়ে আরও ১৯টি চালকবিহীন পরীক্ষার মাধ্যমে এর কার্যক্ষমতা ও নির্ভরযোগ্যতা যাচাই করা হয়।
প্রকল্পটি যৌথভাবে তৈরি করেছে COMAC, চীনের ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান CATL, সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান। ইতোমধ্যে চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAC) উড়োজাহাজটির টাইপ সার্টিফিকেটের আবেদন গ্রহণ করেছে। তবে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের আগে প্রয়োজনীয় পরীক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেতে হবে।
বিশেষজ্ঞদের মতে, বৈদ্যুতিক উড়োজাহাজ প্রযুক্তির উন্নয়ন স্বল্প দূরত্বের বিমান যোগাযোগে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে ব্যাটারির সক্ষমতা, নিরাপত্তা, চার্জিং অবকাঠামো এবং দীর্ঘমেয়াদি পরিচালন ব্যয় এখনো এই প্রযুক্তির বড় চ্যালেঞ্জ। CE-25A-এর পরীক্ষামূলক উড্ডয়ন তাই ভবিষ্যতের পরিবেশবান্ধব বিমান চলাচলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।











০ টি মন্তব্য