বাংলাদেশে ইলেকট্রনিক ভোটিং প্রযুক্তির ব্যবহার বন্ধের সিদ্ধান্তের পর অব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ধ্বংসের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২০১৮ সালে প্রায় ৩ হাজার ৮২৫ কোটি টাকা ব্যয়ে কেনা দেড় লাখ ইভিএমের মধ্যে বর্তমানে সংরক্ষিত রয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪০১টি। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় এসব যন্ত্রের রক্ষণাবেক্ষণ ও গুদাম ভাড়া বাবদ বড় অঙ্কের আর্থিক দায় তৈরি হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর অনুষ্ঠিত কমিশনের ১৩তম সভায় ইভিএমগুলোর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সভায় গঠিত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর আইনি জটিলতা ও চলমান মামলার সঙ্গে সংশ্লিষ্ট যন্ত্রগুলো সংরক্ষণ করে বাকি মেশিন ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ কার্যক্রম বাস্তবায়নে একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে।
বর্তমানে সংরক্ষিত ইভিএমগুলোর মধ্যে ১ হাজার ৫৯৯টির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অন্যদিকে, অব্যবহৃত যন্ত্রগুলো সংরক্ষণের জন্য বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) ওয়্যারহাউসের বকেয়া ভাড়া ৭০ কোটি ৪০ লাখ টাকার বেশি হয়েছে। পাশাপাশি দেশের ৪১টি জেলায় বেসরকারি গুদামে এসব মেশিন রাখার জন্য প্রতি মাসে প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হচ্ছে।
ইভিএম সংরক্ষণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি দীর্ঘদিনের বকেয়া পরিশোধের তাগিদ দিয়েছে। একই সঙ্গে এসব যন্ত্র আর নিজেদের জিম্মায় রাখতে পারবে না বলেও জানিয়েছে। অন্যদিকে, মেশিনগুলোর রক্ষণাবেক্ষণে বছরে প্রায় ৪০ কোটি টাকা বরাদ্দের প্রয়োজন হলেও এ বিষয়ে পরিকল্পনা কমিশনের কাছ থেকে প্রয়োজনীয় সাড়া পাওয়া যায়নি।
২০১৮ সালে জাতীয় নির্বাচনে ব্যবহারের পরিকল্পনায় দেড় লাখ ইভিএম কেনার প্রকল্প নেওয়া হয়েছিল। প্রতিটি মেশিনের ক্রয়মূল্য ছিল প্রায় ২ লাখ ৩৫ হাজার টাকা। প্রকল্পের আওতায় এক বছরের ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সাপোর্ট সার্ভিসের ব্যবস্থা রাখা হয়েছিল। তবে বিপুলসংখ্যক যন্ত্র দীর্ঘমেয়াদে কোথায় এবং কীভাবে সংরক্ষণ করা হবে, সে বিষয়ে পর্যাপ্ত পরিকল্পনার ঘাটতি ছিল বলে প্রকল্পসংশ্লিষ্ট নথিতে উঠে এসেছে।
পরবর্তী সময়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ছয়টি আসনে ইভিএম ব্যবহার করা হয়। সর্বশেষ ২০২৪ সালের ২৬ জুন একটি পৌরসভার সাধারণ নির্বাচন এবং চারটি পৌরসভার উপনির্বাচনে এ প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। এরপর থেকে মেশিনগুলোর ব্যবহার কার্যত বন্ধ রয়েছে।
প্রযুক্তি ব্যবস্থাপনার পাশাপাশি প্রকল্পটির আর্থিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। ইভিএম কেনাকাটা ও প্রকল্প বাস্তবায়ন ঘিরে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনে মামলা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। প্রকল্পের ব্যয় ও বাস্তবায়ন নিয়ে নিরীক্ষা আপত্তিও রয়েছে।
নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে গঠিত কমিশন নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সুপারিশ করেছিল। একইভাবে জাতীয় নির্বাচনসংক্রান্ত তদন্ত প্রতিবেদনেও প্রকল্পটির ব্যয়, বাস্তবায়ন এবং ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অনিয়মের বিষয় উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে ভবিষ্যৎ নির্বাচনে এ প্রযুক্তি ব্যবহার না করার অবস্থান নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব ইভিএম তদন্ত, মামলা কিংবা অন্যান্য আইনি প্রক্রিয়ার প্রয়োজনে আলামত হিসেবে সংরক্ষণ করা দরকার, সেগুলো ধ্বংস করা হবে না। বাকি মেশিনগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, বড় পরিসরে কোনো প্রযুক্তি প্রকল্প বাস্তবায়নের আগে শুধু যন্ত্র কেনার খরচ নয়, বরং এর দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ, সফটওয়্যার ও হার্ডওয়্যার সাপোর্ট, সংরক্ষণ অবকাঠামো এবং ভবিষ্যৎ ব্যবহার পরিকল্পনাও নিশ্চিত করা জরুরি। অন্যথায় বিপুল অর্থ ব্যয়ে কেনা প্রযুক্তিপণ্য অল্প সময়ের মধ্যেই অকার্যকর সম্পদে পরিণত হতে পারে। বাংলাদেশের ইভিএম প্রকল্পটি সরকারি প্রযুক্তি ক্রয় ও ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার গুরুত্ব আবারও সামনে এনেছে।











০ টি মন্তব্য