তাপ থেকে ঠান্ডা তৈরির অভিনব প্রযুক্তি উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। নতুন এই প্রযুক্তিতে কোনো বিদ্যুৎচালিত মোটর বা প্রচলিত কম্প্রেসর ছাড়াই তাপ ব্যবহার করে শীতলীকরণ সম্ভব হতে পারে। বিশেষ করে কম্পিউটারের প্রসেসরসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রের অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে প্রযুক্তিটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নিউ অ্যাটলাসের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির কার্লসরুহে ইনস্টিটিউট অব টেকনোলজি এবং জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা নতুন ধরনের সলিড-স্টেট কুলার তৈরি করেছেন। গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী নেচার এনার্জিতে।
তাপ থেকেই তৈরি হবে শীতলীকরণ ব্যবস্থা
নতুন প্রযুক্তিতে ধাতুর দুটি বিশেষ পাতলা স্তর ব্যবহার করা হয়েছে। এর একটি টাইটানিয়াম-নিকেল এবং অন্যটি টাইটানিয়াম-নিকেল-লোহা দিয়ে তৈরি।
তাপ প্রয়োগ করলে প্রথম ধাতব স্তরটি সংকুচিত হয়। আবার ঠান্ডা হলে সেটি আগের অবস্থায় ফিরে আসে। এই আকৃতির পরিবর্তনের ফলে দ্বিতীয় স্তরে যান্ত্রিক চাপ তৈরি হয়। গবেষকেরা এই পরিবর্তনকে কাজে লাগিয়ে শীতলীকরণ প্রক্রিয়া তৈরি করেছেন।
প্রচলিত ফ্রিজ ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে কম্প্রেসরের মাধ্যমে তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হয়। কিন্তু নতুন পদ্ধতিতে তাপের প্রভাবে ধাতুর আকৃতি পরিবর্তনকে কাজে লাগিয়ে শীতলীকরণ করা হয়।
পরীক্ষায় মিলেছে ইতিবাচক ফল
গবেষকেরা প্রথম পরীক্ষায় বৈদ্যুতিক রোধের মাধ্যমে যন্ত্রটিতে তাপ প্রয়োগ করেন। এ সময় তাপ প্রয়োগকারী অংশের সর্বোচ্চ গড় তাপমাত্রা ছিল ৮৬ ডিগ্রি সেলসিয়াস। এতে শীতলীকরণ স্তরে সর্বোচ্চ ১২ দশমিক ৯ কেলভিন তাপমাত্রার পার্থক্য তৈরি হয়।
পরবর্তী পরীক্ষায় ১৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি কঠিন তাপ উৎস ব্যবহার করা হয়। এতে যন্ত্রটি ২ দশমিক ২ কেলভিন তাপমাত্রার পার্থক্য তৈরি করতে সক্ষম হয়।
গবেষকদের মতে, পরীক্ষার ফলাফল প্রমাণ করে যে বর্জ্য তাপ ব্যবহার করেও কার্যকর শীতলীকরণ ব্যবস্থা তৈরি করা সম্ভব।
কম্পিউটার ও ইলেকট্রনিক যন্ত্রে ব্যবহারের সম্ভাবনা
বর্তমানে কম্পিউটারের প্রসেসর, ডেটা সেন্টার এবং বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র প্রচুর তাপ উৎপন্ন করে। এসব যন্ত্র ঠান্ডা রাখতে আলাদা কুলিং ব্যবস্থা ব্যবহার করতে হয়, যা বিদ্যুৎ খরচ বাড়ায়।
নতুন প্রযুক্তিটি উন্নত করা গেলে যন্ত্রের উৎপন্ন বর্জ্য তাপকেই শীতলীকরণের কাজে ব্যবহার করা সম্ভব হতে পারে। এতে ভবিষ্যতে কুলিং ব্যবস্থার বিদ্যুৎ খরচ কমানোর নতুন সুযোগ তৈরি হবে।
তবে প্রযুক্তিটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বর্তমানে এর শীতলীকরণ ক্ষমতা মিলিওয়াট মাত্রায়, যা আধুনিক কম্পিউটারের শক্তিশালী প্রসেসর ঠান্ডা করার জন্য যথেষ্ট নয়।
গবেষকেরা আশা করছেন, ভবিষ্যতে প্রযুক্তিটির কার্যক্ষমতা বাড়ানো গেলে বিদ্যুৎ সাশ্রয়ী শীতলীকরণ ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচিত হবে।










০ টি মন্তব্য