https://powerinai.com/

আইপি অ্যাড্রেস ফাঁস হলে সাইবার হামলার ঝুঁকিতে পড়তে পারে ব্যবহারকারীর নেটওয়ার্ক

২ মিনিটে পড়ুন
আইপি অ্যাড্রেস ফাঁস হলে সাইবার হামলার ঝুঁকিতে পড়তে পারে ব্যবহারকারীর নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস ফাঁস হলে সাইবার হামলার ঝুঁকিতে পড়তে পারে ব্যবহারকারীর নেটওয়ার্ক

ইন্টারনেট ব্যবহারের সময় প্রতিটি ডিভাইসের সঙ্গে যুক্ত থাকে একটি স্বতন্ত্র পরিচিতি নম্বর, যা আইপি (ইন্টারনেট প্রটোকল) অ্যাড্রেস নামে পরিচিত। ওয়েবসাইট ব্রাউজিং, অনলাইন গেমিং কিংবা ভিডিও কলের মতো কাজে এই ঠিকানার মাধ্যমে বিভিন্ন সার্ভার ব্যবহারকারীর ডিভাইসে তথ্য পাঠায়। তবে আইপি অ্যাড্রেস অন্যের হাতে চলে গেলে অনলাইন নিরাপত্তা কতটা ঝুঁকিতে পড়ে, তা নিয়ে উদ্বেগ রয়েছে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে।

সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, শুধু কারও আইপি অ্যাড্রেস জানলেই তার পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য কিংবা ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব নয়। তবে এই তথ্য ব্যবহার করে নির্দিষ্ট নেটওয়ার্ককে লক্ষ্য করে বিভিন্ন ধরনের সাইবার হামলা চালাতে পারে দুর্বৃত্তরা।

আইপি অ্যাড্রেসের মাধ্যমে সাধারণত ব্যবহারকারীর ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) এবং আনুমানিক ভৌগোলিক অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে এর সাহায্যে সরাসরি কারও বাসার সুনির্দিষ্ট ঠিকানা বা অবস্থান শনাক্ত করা যায় না। আইপি-ভিত্তিক অবস্থান শনাক্তকরণ প্রযুক্তিরও নির্ভুলতার সীমাবদ্ধতা রয়েছে।

আইপি অ্যাড্রেস ব্যবহার করে চালানো সম্ভব এমন হামলার মধ্যে অন্যতম হলো ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস (ডিডস) অ্যাটাক। এ ধরনের আক্রমণে একাধিক উৎস থেকে বিপুল পরিমাণ ইন্টারনেট ট্রাফিক নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক বা সার্ভারে পাঠানো হয়। অতিরিক্ত ট্রাফিকের চাপে নেটওয়ার্কের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। এতে অনলাইন গেমিং, ভিডিও কল কিংবা বাসার ইন্টারনেট সংযোগ ব্যবহারে সমস্যা দেখা দিতে পারে।

এ ছাড়া কোনো নেটওয়ার্কে নিরাপত্তার দুর্বলতা থাকলে আইপি অ্যাড্রেসের মাধ্যমে সেটিকে লক্ষ্যবস্তু করা সম্ভব। বিশেষ করে দুর্বল পাসওয়ার্ডযুক্ত সিকিউরিটি ক্যামেরা, অনিরাপদ হোম সার্ভার এবং যথাযথ সুরক্ষা ছাড়া ইন্টারনেটে যুক্ত থাকা রিমোট অ্যাকসেস সফটওয়্যারে অননুমোদিত প্রবেশের ঝুঁকি তৈরি হয়। রাউটারের পোর্ট ফরওয়ার্ডিংয়ে ভুল সেটিংস কিংবা ফায়ারওয়ালের দুর্বল কনফিগারেশনও এ ধরনের ঝুঁকি বাড়াতে পারে।

বর্তমানে ইন্টারনেট সংযোগে আইপিভি৪-এর পাশাপাশি নতুন প্রজন্মের আইপিভি৬ প্রযুক্তিও ব্যবহৃত হচ্ছে। আইপিভি৪ ব্যবস্থায় সাধারণত একই বাসার একাধিক ডিভাইস একটি পাবলিক আইপি অ্যাড্রেস ব্যবহার করে ইন্টারনেটে যুক্ত হয়। অন্যদিকে, আইপিভি৬ প্রযুক্তিতে প্রতিটি ডিভাইসের জন্য আলাদা পাবলিক আইপি অ্যাড্রেস বরাদ্দ করা সম্ভব। ফলে নেটওয়ার্ক সুরক্ষায় উভয় প্রযুক্তির নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

অনলাইন নিরাপত্তা জোরদার করতে রাউটারের ফায়ারওয়াল সঠিকভাবে কনফিগার করা, অপ্রয়োজনীয় রিমোট অ্যাকসেস বন্ধ রাখা এবং নিয়মিত রাউটারের ফার্মওয়্যার ও সফটওয়্যার হালনাগাদ করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি আইপিভি৪ ও আইপিভি৬—উভয় ক্ষেত্রেই ফায়ারওয়াল সক্রিয় আছে কি না, তা পরীক্ষা করা প্রয়োজন।

ব্যবহারকারীর প্রকৃত পাবলিক আইপি অ্যাড্রেস গোপন রাখতে ভিপিএন ব্যবহার করা যেতে পারে। তবে ভিপিএন ডিভাইসের বিদ্যমান নিরাপত্তাত্রুটি বা দুর্বল পাসওয়ার্ডের সমস্যা সমাধান করে না। তাই শুধু আইপি অ্যাড্রেস আড়াল রাখাকে পূর্ণাঙ্গ সাইবার নিরাপত্তা হিসেবে বিবেচনা না করে পুরো নেটওয়ার্কের সুরক্ষা নিশ্চিত করাই জরুরি।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।