প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার বিকাশে দেশের অন্যতম জাতীয় দৈনিক দৈনিক ইনকিলাব-এ দুই দিনব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রিন্ট, অনলাইন ও মাল্টিমিডিয়া টিমের সাংবাদিক, নিউজ এডিটরসহ পত্রিকাটির প্রায় ৭০ জন সাংবাদিক এতে অংশ নেন। প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিল ‘Power in AI’।
শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রাজধানীর আর.কে. মিশন রোডে অবস্থিত ইনকিলাব ভবনে কর্মশালার উদ্বোধন করেন পত্রিকাটির সম্পাদক এ এম এম বাহাউদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক নাজিফা বাহাউদ্দীনসহ পত্রিকার ডিরেক্টর, বার্তা সম্পাদক এবং প্রশাসন, মার্কেটিং ও বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তারা।
কর্মশালায় তথ্যপ্রবাহে এআই-এর প্রভাব, তথ্যের নিরাপত্তা ও উৎস যাচাই নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক—উভয় ধরনের আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের এআই টুল ব্যবহারের মাধ্যমে তথ্য বিশ্লেষণ ও যাচাইয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং এর পাশাপাশি কীভাবে টেক্সট, ছবি, অডিও এবং ভিডিও কনটেন্ট জেনারেট বা তৈরি করতে হয়, সে বিষয়েও প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন ‘Power in AI’-এর বিশেষজ্ঞ, সিনিয়র প্রম্পট ইঞ্জিনিয়ার এবং প্রম্পট টিমের টিম লিড মোহাম্মদ ফারহান হাবিব ফারাজ ও প্রম্পট ইঞ্জিনিয়ার অভিষেক মজুমদার।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক হবে। ভবিষ্যতে আরও উন্নত প্রশিক্ষণের আয়োজন অব্যাহত থাকলে প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় তারা আরও এগিয়ে যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় অতিথি প্রশিক্ষক হিসেবে প্রথম দিনে উপস্থিত ছিলেন এআই ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ জনাব মুহাম্মদ জাহাঙ্গীর আলম শোভন এবং দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রতিষ্ঠাতা সভাপতি জনাব রাজীব আহমেদ।









০ টি মন্তব্য