স্মার্ট হোম প্রযুক্তিতে নতুন সংযোজন হিসেবে এসেছে এমন একটি স্মার্ট লক, যা ফেস আইডির মাধ্যমে ব্যবহারকারীর মুখ শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে দরজা খুলতে সক্ষম। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, এটি দ্রুত ও নিরাপদ প্রবেশ নিশ্চিত করবে।
নতুন সিরিজের ‘লক ভিশন’ ও ‘লক ভিশন প্রো’ মডেলে উন্নত থ্রিডি ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রায় ২০ হাজার ইনফ্রারেড পয়েন্টের সাহায্যে মুখের ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করে সঠিক পরিচয় শনাক্ত করা হয়।
কোম্পানির তথ্য অনুযায়ী, সিস্টেমটি এক সেকেন্ডেরও কম সময়ে দরজা আনলক করতে পারে এবং ছবি বা ভিডিও দেখিয়ে প্রতারণার চেষ্টা প্রতিরোধে সক্ষম। ব্যবহারকারী চশমা, টুপি কিংবা মেকআপ ব্যবহার করলেও শনাক্তকরণে সমস্যা হবে না।
প্রো সংস্করণে ফেস রিকগনিশনের পাশাপাশি পাম ভেইন স্ক্যান ও ফিঙ্গারপ্রিন্ট আনলকের সুবিধা রয়েছে। এছাড়া মোবাইল অ্যাপ, এনএফসি, পাসওয়ার্ড, স্মার্টওয়াচ এবং ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমেও নিয়ন্ত্রণ করা যাবে।
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ডিভাইসটি একবার চার্জে প্রায় এক বছর পর্যন্ত ব্যবহার করা সম্ভব বলে দাবি করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এতে ট্যাম্পার অ্যালার্ট, জোরপূর্বক প্রবেশ শনাক্তকরণ এবং অটো লকআউট সুবিধাও যুক্ত করা হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, ব্যবহারকারীর সব বায়োমেট্রিক তথ্য ডিভাইসের মধ্যেই এনক্রিপ্টেড অবস্থায় সংরক্ষিত থাকে। পাশাপাশি ম্যাটার ওভার ওয়াই-ফাই সমর্থন থাকায় এটি বিভিন্ন স্মার্ট হোম প্ল্যাটফর্মের সঙ্গে সহজেই সংযুক্ত করা যায়।







.jpg)


০ টি মন্তব্য