গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্চ প্ল্যাটফর্ম **এআই মোডে** তৃতীয় পক্ষের অ্যাপ সংযুক্ত করার নতুন সুবিধা চালু করেছে। এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের তৈরি অ্যাপ সরাসরি গুগলের এআই মোডের সঙ্গে যুক্ত করতে পারবে। ফলে ব্যবহারকারীরা একই জায়গা থেকে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে কেনাকাটা, ডিজাইন তৈরি কিংবা গান সংরক্ষণের মতো নানা কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির ভাষ্য, এআই মোড এখন আর কেবল তথ্য অনুসন্ধান বা প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী এটি বিভিন্ন সংযুক্ত অ্যাপের সাহায্যে প্রয়োজনীয় কাজও সম্পন্ন করতে সহায়তা করবে। অর্থাৎ, একটি নির্দেশনা থেকেই একাধিক সেবার সুবিধা পাওয়া যাবে।
উদাহরণ হিসেবে, কেউ যদি বারবিকিউ আয়োজনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা তৈরি করেন, তাহলে এআই মোড স্বয়ংক্রিয়ভাবে ইনস্টাকার্টে সেই পণ্যগুলো শপিং কার্টে যোগ করে দেবে। এরপর ব্যবহারকারী ইনস্টাকার্টের ওয়েবসাইট বা অ্যাপ থেকে সহজেই অর্ডার সম্পন্ন করতে পারবেন। একইভাবে পোস্টার বা ফ্লায়ার ডিজাইনের ধারণা চাইলে এআই মোড ক্যানভার উপযুক্ত টেমপ্লেট প্রস্তাব করবে। আবার কোনো অনুষ্ঠান বা পার্টির জন্য তৈরি করা প্লেলিস্ট সরাসরি ইউটিউব মিউজিকে সংরক্ষণ করা যাবে।
গুগলের মতে, এই সংযুক্তিকরণ সুবিধা চালুর ফলে দৈনন্দিন পরিকল্পনা, কেনাকাটা ও সৃজনশীল কাজে এআই মোডের ব্যবহার আরও বাড়বে। পাশাপাশি, এআই প্রযুক্তির বাজারে OpenAI-এর ChatGPT এবং Anthropic-এর Claude-এর সঙ্গে প্রতিযোগিতায় গুগল আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে। প্রাথমিকভাবে এই সুবিধা শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
বর্তমানে এআই মোডে ইনস্টাকার্ট, ক্যানভা এবং ইউটিউবের সেবা যুক্ত করা হয়েছে। গুগল জানিয়েছে, ভবিষ্যতে ধাপে ধাপে আরও অনেক জনপ্রিয় অ্যাপ এতে সংযুক্ত করা হবে। এর আগে চলতি বছরের শুরুতে গুগল আই/ও ডেভেলপার সম্মেলনে জেমিনি অ্যাপে তৃতীয় পক্ষের অ্যাপ যুক্ত করার সুবিধা চালু করা হয়েছিল। এবার সেই সুবিধার পরিধি বাড়িয়ে এআই মোডেও একই ব্যবস্থা চালু করেছে প্রতিষ্ঠানটি।
**সূত্র:** টেক ক্রাঞ্চ
.jpg)
.jpg)
.jpg)
.jpg)





০ টি মন্তব্য