ভ্রমণের সময় হোটেলের ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহারে বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির দাবি, হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়াই-ফাই নেটওয়ার্ককে লক্ষ্য করে নতুন ধরনের সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা। ভুয়া পপ-আপ বার্তার মাধ্যমে ব্যবহারকারীদের স্মার্টফোন, ল্যাপটপ ও অন্যান্য ডিভাইসে ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করিয়ে ব্যক্তিগত তথ্য চুরির চেষ্টা করা হচ্ছে।
মাইক্রোসফটের থ্রেট ইন্টেলিজেন্স বিভাগের তথ্য অনুযায়ী, ‘ক্যাপটিভক্রাঞ্চ’ (CaptiveCrunch) নামে পরিচিত এই সাইবার অভিযানের সঙ্গে রাশিয়াসংশ্লিষ্ট একটি হ্যাকার গোষ্ঠীর সম্পৃক্ততা থাকতে পারে। গত মে মাস থেকে হোটেল ও আতিথেয়তা খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়াই-ফাই নেটওয়ার্কে এ ধরনের অনুপ্রবেশের ঘটনা পর্যবেক্ষণ করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীরা হোটেলের ওয়াই-ফাইয়ে সংযুক্ত হওয়ার পর অনেক ক্ষেত্রে তাদের সামনে ভুয়া পপ-আপ বার্তা প্রদর্শন করা হচ্ছে। এসব বার্তায় সফটওয়্যার আপডেট বা নিরাপত্তা হালনাগাদের নামে ক্ষতিকর সফটওয়্যার ডাউনলোড করতে উৎসাহিত করা হয়। ব্যবহারকারী একবার সফটওয়্যারটি ইনস্টল করলে হ্যাকাররা ডিভাইসের স্ক্রিনশট সংগ্রহ, কিবোর্ডে টাইপ করা তথ্য নজরদারি এবং দূর থেকে ডিভাইস নিয়ন্ত্রণের মতো কর্মকাণ্ড চালাতে সক্ষম হয়।
এ ধরনের সাইবার হামলা এড়াতে হোটেলের ওয়াই-ফাই ব্যবহার করার সময় অপ্রত্যাশিত কোনো পপ-আপ বার্তা দেখলে তাতে ক্লিক না করার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট। বিশেষ করে ওয়াই-ফাইয়ে সংযুক্ত হওয়ার পরপরই যদি সফটওয়্যার আপডেট বা নিরাপত্তা সংক্রান্ত কোনো বার্তা দেখা যায়, তাহলে সেটিকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করতে হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রমণের সময় সম্ভব হলে পাবলিক ওয়াই-ফাইয়ের পরিবর্তে ব্যক্তিগত মোবাইল হটস্পট ব্যবহার করারও পরামর্শ দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
সূত্র: ম্যাশেবল








.jpg)
.jpg)
০ টি মন্তব্য