পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন এআই–নির্ভর নিম্নমানের কনটেন্টের বিস্তার কমাতে নতুন উদ্যোগ নিয়েছে। এখন থেকে ব্যবহারকারীরা তাদের নিউজ ফিডে থাকা নিম্নমানের বা অতিরিক্ত এআই–নির্ভর পোস্ট সহজেই রিপোর্ট করতে পারবেন। একই সঙ্গে প্ল্যাটফর্মটি নিজেদের এআই পোস্ট লেখার টুল সরিয়ে দিয়ে নতুন একটি প্রুফরিডিং সুবিধা চালু করেছে, যা লেখকের ভাষা ও শৈলী অক্ষুণ্ন রেখে শুধু বানান, ব্যাকরণ ও ভাষাগত ভুল সংশোধনে সহায়তা করবে।
লিংকডইনের প্রধান পণ্য কর্মকর্তা হরি শ্রীনিবাসন এক পোস্টে বলেন, এআই দিয়ে তৈরি নিম্নমানের কনটেন্ট বর্তমানে প্ল্যাটফর্মটির অন্যতম বড় চ্যালেঞ্জ। তাঁর ভাষ্য, মানুষ লিংকডইনে আসে বাস্তব মানুষের সঙ্গে সংযোগ গড়ে তুলতে এবং নিজেদের প্রকৃত অভিজ্ঞতা ও মতামত ভাগ করে নিতে। তাই ব্যবহারকারীদের জন্য আরও নির্ভরযোগ্য পরিবেশ তৈরি করতে প্রতিষ্ঠানটি বিভিন্ন নিরাপত্তা ও স্বয়ংক্রিয় প্রতিরোধব্যবস্থা জোরদার করছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিদিন কয়েক লাখ স্বয়ংক্রিয় মন্তব্য (অটোমেটেড কমেন্ট) প্রকাশের চেষ্টা প্রতিরোধ করা হচ্ছে। এছাড়া সাম্প্রতিক মাসগুলোতে কোটি কোটি স্বয়ংক্রিয় কার্যক্রমও শনাক্ত ও বন্ধ করা হয়েছে।
লিংকডইন জানিয়েছে, নতুন এআই ক্লাসিফায়ার প্রযুক্তি ব্যবহার করে নিম্নমানের বা এআই–নির্ভর কনটেন্ট শনাক্ত করা হবে। এসব পোস্ট ব্যবহারকারীর নেটওয়ার্কের বাইরের সুপারিশকৃত কনটেন্টে কম দেখানো হবে। পাশাপাশি কোনো পোস্ট অতিরিক্ত এআই–নির্ভর বা অস্বাভাবিক মনে হলে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে ব্যক্তিগতভাবে সতর্কবার্তা দেওয়া হবে, যাতে তিনি কনটেন্টের মান উন্নত করতে পারেন।
এদিকে, ইন্টারনেট অবকাঠামো সেবা প্রদানকারী ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, বর্তমানে ইন্টারনেটে মানুষের তৈরি ট্রাফিকের তুলনায় বটের তৈরি ট্রাফিকের পরিমাণ বেশি। প্রতিষ্ঠানটির মতে, এই পরিবর্তন প্রত্যাশার তুলনায় আরও দ্রুত ঘটেছে, যা অনলাইনে স্বয়ংক্রিয় কনটেন্ট ও বট কার্যক্রম বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।










.jpg)
০ টি মন্তব্য