চ্যাটজিপিটির ফ্রি ব্যবহারকারীদের জন্য টেক্সটভিত্তিক চ্যাটের সীমা তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ওপেনএআই। একই সঙ্গে চালু হচ্ছে নতুন ‘থিংক’ বাটন। এক বিলিয়নের বেশি সাপ্তাহিক ব্যবহারকারী অতিক্রম করার পর এটিকে চ্যাটজিপিটির অন্যতম বড় আপডেট হিসেবে দেখা হচ্ছে।
ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৫.৬ লুনা (GPT-5.6 Luna) মডেলটি ফ্রি ও গো (Go) ব্যবহারকারীদের জন্য ডিফল্ট মডেল হিসেবে চালু করা হবে। এটি বর্তমান জিপিটি-৫.৫ মডেলের জায়গা নেবে।
চলতি সপ্তাহ থেকেই নতুন মডেলটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা শুরু হবে। আগামী সপ্তাহ থেকে ফ্রি ব্যবহারকারীরা আনলিমিটেড টেক্সট চ্যাটের পাশাপাশি নতুন ‘থিংক’ বাটনও ব্যবহার করতে পারবেন।
কী করবে ‘থিংক’ বাটন?
ওপেনএআইয়ের মতে, ‘থিংক’ বাটনের মাধ্যমে জটিল কোনো প্রশ্নের ক্ষেত্রে মডেলকে আরও গভীরভাবে বিশ্লেষণ ও যুক্তি প্রয়োগের নির্দেশ দেওয়া যাবে।
তবে ফাইল আপলোড, ছবি তৈরি, ভয়েস ফিচার এবং ছবি বিশ্লেষণের ক্ষেত্রে বর্তমানে যে ব্যবহারসীমা রয়েছে, সেখানে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।
প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য নতুন মডেল
প্লাস ও প্রো গ্রাহকদের জন্য জিপিটি-৫.৬ সল (GPT-5.6 Sol) নামে আরও উন্নত একটি মডেল চালু করছে ওপেনএআই।
প্রতিষ্ঠানটির দাবি, নতুন মডেলটি দৈনন্দিন বিভিন্ন কাজে আরও দ্রুত, সংক্ষিপ্ত ও নির্ভরযোগ্য ফল দিতে পারবে। প্রশ্নের উত্তর দেওয়া, ওয়েব গবেষণা, লেখা, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ ও পরামর্শ দেওয়ার মতো কাজেও এর পারফরম্যান্স উন্নত করা হয়েছে।
এ ছাড়া প্লাস ও প্রো ব্যবহারকারীরা পাবেন ‘থিংকিং স্লাইডার’ সুবিধা। এর মাধ্যমে কোনো কাজের জটিলতা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা গভীরভাবে বিশ্লেষণ করবে, সেটি ব্যবহারকারী নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।
ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটিতে ব্যবহৃত জিপিটি-৫.৬ সল মডেলটি কোডেক্স (Codex) ও ওয়ার্ক (Work) পণ্যে ব্যবহৃত সংস্করণ থেকে আলাদা।
তথ্যগত নির্ভুলতাও বেড়েছে
ওপেনএআইয়ের অভ্যন্তরীণ মূল্যায়ন অনুযায়ী, নতুন মডেলগুলো আগের জিপিটি-৫.৫ ইনস্ট্যান্ট সংস্করণের তুলনায় তথ্যগত নির্ভুলতায় উল্লেখযোগ্য উন্নতি করেছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, জিপিটি-৫.৬ লুনা মডেলে তথ্যগত ভুলের হার ৬২ শতাংশ পর্যন্ত কমেছে। আর জিপিটি-৫.৬ সল মডেলে ভুলের হার কমেছে ৬৮ শতাংশ পর্যন্ত।
জিপিটি-৫.৬ সল ইতোমধ্যে প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। অন্যদিকে ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্য জিপিটি-৫.৬ লুনা এবং আনলিমিটেড টেক্সট চ্যাট সুবিধা ধাপে ধাপে আগামী এক সপ্তাহের মধ্যে চালু করা হবে।










০ টি মন্তব্য