শিক্ষা ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার আরও কার্যকর করতে একগুচ্ছ নতুন ফিচার চালু করেছে গুগল। জেমিনি, নোটবুকএলএম, গুগল ক্লাসরুম এবং ক্রোমবুকে যুক্ত হওয়া এসব সুবিধার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য শেখা, পড়ানো এবং গবেষণার কাজ আরও সহজ ও ব্যক্তিকেন্দ্রিক হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন আপডেটের অন্যতম আকর্ষণ **স্ট্যাডি নোটবুকস**। এই সুবিধায় শিক্ষার্থীরা ক্লাস নোট, পিডিএফ, লেকচার নোটসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী আপলোড করতে পারবেন। এরপর জেমিনি একটি সংক্ষিপ্ত মূল্যায়নের মাধ্যমে ব্যবহারকারীর প্রস্তুতির স্তর বিশ্লেষণ করে দুর্বল বিষয়গুলো শনাক্ত করবে এবং সেই অনুযায়ী ব্যক্তিগত স্টাডি প্ল্যান তৈরি করবে। এতে প্রত্যেক শিক্ষার্থী নিজের প্রয়োজন অনুযায়ী পড়াশোনার দিকনির্দেশনা পাবে।
গবেষণার কাজ আরও সহজ করতে নোটবুকএলএমেও যুক্ত হয়েছে নতুন সক্ষমতা। নিরাপদ ক্লাউড পরিবেশে কোড চালানোর পাশাপাশি গবেষণার তথ্য থেকে স্বয়ংক্রিয়ভাবে চার্ট, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন স্লাইড তৈরি করা যাবে। একই সঙ্গে ব্যক্তিগত নোট, বিভিন্ন ডকুমেন্ট এবং ওয়েব থেকে সংগ্রহ করা তথ্য এক জায়গায় বিশ্লেষণের সুযোগ থাকায় গবেষণা ও প্রকল্পভিত্তিক কাজ আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।
শিক্ষকদের জন্যও এনেছে বেশ কিছু এআই-চালিত টুল। জেমিনি, গুগল ক্লাসরুম ও ক্রোমবুকের সমন্বয়ে এখন সহজেই লেসন প্ল্যান, পাঠক্রমভিত্তিক কার্যক্রম এবং বিভিন্ন প্রশাসনিক কাজ তৈরি ও পরিচালনা করা যাবে। ফলে রুটিন কাজের চাপ কমে শিক্ষার্থীদের শেখানোর দিকে আরও বেশি সময় দিতে পারবেন শিক্ষকরা।
গুগল জানিয়েছে, এআইয়ের সহায়তায় মানসম্মত স্ট্যান্ডার্ডাইজড পরীক্ষা তৈরিও সম্ভব হবে। এর মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া আরও দ্রুত, নির্ভুল এবং কার্যকর করার সুযোগ তৈরি হবে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, শিক্ষক সংকট রয়েছে এমন অঞ্চলে এআইভিত্তিক প্রযুক্তি শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ব্যক্তিগত শেখার পরিকল্পনা তৈরি এবং দ্রুত শিক্ষাসামগ্রী প্রস্তুতের ক্ষেত্রে এসব টুল কার্যকর সহায়ক হিসেবে কাজ করবে।
গুগলের তথ্য অনুযায়ী, স্ট্যাডি নোটবুকস ধাপে ধাপে জেমিনি অ্যাপের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। অন্যদিকে উন্নত নোটবুকএলএম বর্তমানে গুগল এআই আলট্রা গ্রাহক এবং নির্বাচিত গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। ভবিষ্যতে গুগল ক্লাসরুম ও ক্রোমবুকে আরও নতুন এআইভিত্তিক শিক্ষাসংক্রান্ত ফিচার যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশেষজ্ঞদের মতে, নতুন এই আপডেটগুলো শিক্ষাক্ষেত্রে এআইয়ের ব্যবহারকে আরও এক ধাপ এগিয়ে নেবে। ব্যক্তিগত শেখা, গবেষণা পরিচালনা এবং শ্রেণিকক্ষ ব্যবস্থাপনায় জেমিনি ও নোটবুকএলএমের নতুন সুবিধাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
.jpg)
.jpg)
.jpg)






০ টি মন্তব্য