স্মার্টফোনে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি দিন দিন জনপ্রিয় হলেও অনেক ব্যবহারকারীই অভিযোগ করেন, তারবিহীন চার্জারে ফোন চার্জ হতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগছে। অনেক সময় এর জন্য চার্জার বা ফোন দায়ী নয়; বরং ব্যবহৃত ফোনের কাভারই চার্জিংয়ের গতি কমিয়ে দিতে পারে।
ওয়্যারলেস চার্জিং মূলত ইলেকট্রোম্যাগনেটিক ইনডাকশনের মাধ্যমে কাজ করে। এ ক্ষেত্রে চার্জিং প্যাডের কয়েল এবং স্মার্টফোনের ভেতরে থাকা কয়েলের মধ্যে দূরত্ব যত কম থাকে, শক্তি স্থানান্তর তত কার্যকর হয়। কিন্তু অতিরিক্ত পুরু বা ভুল উপাদানে তৈরি কাভার ব্যবহার করলে এই শক্তি প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। এতে চার্জিং ধীর হওয়ার পাশাপাশি ফোন অতিরিক্ত গরমও হয়ে উঠতে পারে।
যেসব কাভার এড়িয়ে চলবেন
ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রে ধাতব উপাদানযুক্ত কাভার সবচেয়ে বেশি সমস্যা তৈরি করতে পারে। অ্যালুমিনিয়াম বা অন্য কোনো ধাতব স্তরযুক্ত কভার চার্জিং সিগন্যাল বাধাগ্রস্ত করতে পারে এবং অতিরিক্ত তাপ উৎপন্ন হওয়ার ঝুঁকি বাড়ায়।
এ ছাড়া অতিরিক্ত পুরু চামড়ার ওয়ালেট কাভার, পেছনে যুক্ত রিং হোল্ডার, গ্রিপ কিংবা পপসকেটের মতো আনুষঙ্গিক অংশও ফোনের কয়েলকে চার্জিং প্যাড থেকে দূরে সরিয়ে দিতে পারে। এতে চার্জিংয়ের কার্যকারিতা কমে যায়। ভুল জায়গায় থাকা সাধারণ চুম্বকও ওয়্যারলেস চার্জিংয়ে বাধা সৃষ্টি করতে পারে।
কেমন কাভার ব্যবহার করবেন
দ্রুত ও নির্ভরযোগ্য ওয়্যারলেস চার্জিংয়ের জন্য পলিকার্বোনেট বা টিপিইউ দিয়ে তৈরি পাতলা কাভার ব্যবহার করা ভালো। এসব উপাদানের মধ্য দিয়ে চার্জিং সিগন্যাল তুলনামূলকভাবে সহজে প্রবাহিত হতে পারে।
সাধারণভাবে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা ঠিক রাখতে কাভারের পুরুত্ব তিন মিলিমিটারের কম হওয়া ভালো। তবে ফোন ও চার্জারের নির্দিষ্ট নির্দেশনা থাকলে সেটি অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ।
বর্তমানে আইফোন ও আধুনিক অ্যান্ড্রয়েড ফোনের জন্য ম্যাগসেফ বা কিউআই২-সমর্থিত চুম্বকীয় রিংযুক্ত কাভারও পাওয়া যায়। এসব কাভার ফোনের ভেতরের কয়েলকে চার্জারের কয়েলের সঙ্গে সঠিকভাবে সারিবদ্ধ রাখতে সাহায্য করে। ফলে শক্তির অপচয় কমে এবং চার্জিং সংযোগ স্থিতিশীল থাকে।
কাভার কেনার আগে যা দেখবেন
অনলাইনে বা দোকান থেকে ফোনের কাভার কেনার সময় সেটি ওয়্যারলেস চার্জিং সমর্থন করে কি না, তা প্রস্তুতকারকের তথ্য থেকে নিশ্চিত হওয়া উচিত। বিশেষ করে কাভারের উপাদান, পুরুত্ব এবং চুম্বকীয় বা অন্য কোনো আনুষঙ্গিক অংশ রয়েছে কি না, সেদিকে নজর দেওয়া জরুরি।
প্রযুক্তিবিদদের মতে, ফোনের কয়েল বরাবর পাতলা কাভার হলে ওয়্যারলেস চার্জিংয়ের পারফরম্যান্স ভালো পাওয়া যায়। অতিরিক্ত ভারী ও মোটা কাভার ফোনকে আঘাত থেকে বেশি সুরক্ষা দিলেও চার্জিংয়ের গতি কমাতে পারে। পাশাপাশি অতিরিক্ত তাপ দীর্ঘমেয়াদে ব্যাটারির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তাই ফোনের সুরক্ষার পাশাপাশি ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা ঠিক রাখতে কাভারের উপাদান, পুরুত্ব ও নকশা বিবেচনা করে নির্বাচন করা গুরুত্বপূর্ণ।
ডিবিটেক/বিএমটি











০ টি মন্তব্য