বৈদ্যুতিক গাড়ির আধুনিক নকশায় ব্যবহৃত রিট্র্যাকটেবল বা গাড়ির বডির সঙ্গে প্রায় মিশে থাকা দরজার হাতল এবার নিরাপত্তা নিয়ে বড় প্রশ্নের মুখে পড়েছে। জরুরি পরিস্থিতিতে এসব হাতল ঠিকমতো কাজ না করলে গাড়ির ভেতরে থাকা যাত্রীদের দ্রুত বের হওয়া কঠিন হতে পারে—এমন আশঙ্কায় চীনের বাজার থেকে প্রায় ৪৩ লাখ বৈদ্যুতিক গাড়ি ফেরত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ইলন মাস্কের মালিকানাধীন টেসলাসহ মোট নয়টি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানকে এই প্রত্যাহারের আওতায় আনা হয়েছে। এর মধ্যে একাই প্রায় ৩০ লাখ গাড়ি ফেরত নেবে টেসলা। অন্য আটটি নির্মাতা প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে প্রায় ১৩ লাখ গাড়ি ফিরিয়ে নিতে হবে। চীনের বাজার নিয়ন্ত্রক সংস্থা গত শুক্রবার এ তথ্য জানিয়েছে।
কেন এত গাড়ি ফেরত নেওয়া হচ্ছে?
বর্তমান সময়ের অনেক বৈদ্যুতিক গাড়িতে বাইরে থেকে দেখতে মসৃণ এবং গাড়ির বডির সঙ্গে প্রায় সমতল হয়ে থাকা দরজার হাতল ব্যবহার করা হয়। গাড়ির নকশাকে আকর্ষণীয় ও আধুনিক করার ক্ষেত্রে এসব হাতল জনপ্রিয় হলেও দুর্ঘটনার সময় এগুলোই নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে।
বিশেষ করে গাড়িতে আগুন লাগা বা বড় ধরনের দুর্ঘটনার পর বৈদ্যুতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে দরজার হাতল কাজ না করার আশঙ্কা রয়েছে। তখন চালক, যাত্রী এমনকি উদ্ধারকারীদের জন্য দরজা খোলা কঠিন হয়ে যেতে পারে।
টেসলাসহ যেসব প্রতিষ্ঠানের গাড়ি ফিরছে
চীনের নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী, টেসলার পাশাপাশি গিলি, ডংফেং, শাওমি, চেরি, বেইজিং অটোমোটিভ, ফার্স্ট অটো ওয়ার্কস, লিপমোটর ও এক্সপেংয়ের বিভিন্ন মডেলের গাড়িও প্রত্যাহার করা হবে।
ফেরত নেওয়া গাড়িগুলোতে দরজার হাতলের অবস্থান স্পষ্টভাবে চিহ্নিত করতে স্টিকার লাগানো হবে। পাশাপাশি গাড়ির সফটওয়্যার আপডেট করা হবে। এর মাধ্যমে দুর্ঘটনার পর প্রয়োজন হলে গাড়ির জানালা স্বয়ংক্রিয়ভাবে খুলে যাওয়ার ব্যবস্থা করা হবে, যাতে ভেতরে থাকা ব্যক্তিরা দ্রুত গাড়ি থেকে বের হতে পারেন।
দুর্ঘটনায় কোথায় তৈরি হয় সমস্যা?
রিট্র্যাকটেবল দরজার হাতলের বড় একটি অংশ বৈদ্যুতিক ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। দুর্ঘটনার সময় গাড়ির বৈদ্যুতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে হাতলও অকার্যকর হয়ে যেতে পারে।
অনেক গাড়িতে দরজার বৈদ্যুতিক লক ১২ ভোল্টের আলাদা ব্যাটারির ওপর নির্ভরশীল। দুর্ঘটনায় ওই ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন হলে বৈদ্যুতিকভাবে দরজা খোলার ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে।
তখন ম্যানুয়ালভাবে দরজা খোলার সুযোগ থাকলেও সেটি দ্রুত খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়। কারণ কিছু গাড়িতে জরুরি ব্যবহারের ম্যানুয়াল লিভারটি মূল দরজার হাতলের কাছাকাছি অবস্থান করে না। দুর্ঘটনার মতো সংকটময় মুহূর্তে কয়েক সেকেন্ডের এই দেরিও বড় ঝুঁকি তৈরি করতে পারে।
নতুন গাড়িতে পুরোপুরি রিট্র্যাকটেবল হাতল নিষিদ্ধ
নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে চীনের নিয়ন্ত্রক সংস্থা গত ফেব্রুয়ারিতে নতুন গাড়িতে সম্পূর্ণ রিট্র্যাকটেবল দরজার হাতল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়। আগামী বছর থেকে নতুন গাড়িতে এ ধরনের সম্পূর্ণ সমতল হয়ে যাওয়া হাতল ব্যবহার করা যাবে না।
তবে এমন হাতল ব্যবহার করা যাবে, যা আংশিকভাবে গাড়ির বডির বাইরে থাকে এবং পুরোপুরি গাড়ির গায়ের সঙ্গে সমতল হয়ে যায় না।
শুধু চীন নয়, যুক্তরাষ্ট্রেও উদ্বেগ
বৈদ্যুতিক গাড়ির দরজার হাতলের নিরাপত্তা নিয়ে শুধু চীনেই আলোচনা হচ্ছে না। যুক্তরাষ্ট্রেও বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন এ বিষয়ে নতুন নিরাপত্তা বিধিমালা তৈরির কাজ শুরু করেছে।
তবে নতুন নিয়ম তৈরি ও কার্যকর করতে কয়েক মাস সময় লাগতে পারে। ফলে এর প্রভাব মূলত ভবিষ্যতে বাজারে আসা গাড়িগুলোর ওপর পড়বে।
ভবিষ্যতের বৈদ্যুতিক গাড়িতে কী পরিবর্তন আসতে পারে?
চীন বর্তমানে বৈদ্যুতিক গাড়ির সবচেয়ে বড় বাজার। দেশটির গাড়ি প্রযুক্তি গবেষক ডেভিড ঝাংয়ের মতে, এত বিপুলসংখ্যক গাড়ি প্রত্যাহারের ঘটনা বৈদ্যুতিক গাড়ির নিরাপত্তা মান আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।
তবে এই সমস্যা শুধু টেসলা বা চীনা নির্মাতাদের মধ্যে সীমাবদ্ধ নয়। বিএমডব্লিউ, ফোর্ড ও হুন্দাইসহ বিভিন্ন আন্তর্জাতিক গাড়ি নির্মাতার গাড়িতেও একই ধরনের বৈদ্যুতিক দরজার হাতল ব্যবহৃত হচ্ছে। এমনকি কিছু জীবাশ্ম জ্বালানিচালিত ও হাইব্রিড গাড়িতেও এই প্রযুক্তি রয়েছে।
ফলে ভবিষ্যতের গাড়িতে আধুনিক নকশার পাশাপাশি জরুরি মুহূর্তে দরজা দ্রুত ও সহজে খোলার বিষয়টিকেও আরও বেশি গুরুত্ব দিতে হবে।
সূত্র: নিউইয়র্ক টাইমস








০ টি মন্তব্য