বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের মেধা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে স্বীকৃতি দিতে দেওয়া হয়েছে ‘হোন্ডা ইয়ং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট (ওয়াইইএস) পুরস্কার ২০২৫’। এবার এই সম্মাননা পেয়েছেন বাংলাদেশের চার তরুণ প্রকৌশলী।
সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের প্রতিনিধি, হোন্ডা ফাউন্ডেশন, বাংলাদেশ হোন্ডা এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পুরস্কার পেলেন যাঁরা
এবারের হোন্ডা ওয়াইইএস পুরস্কারের জন্য নির্বাচিত চারজন হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাকিফ নাঈব রাইয়ান, কাজী তাজগীর তাহমিন রেভান ও মো. আদনান রহমান এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লাইলাতুল বরাত সিদ্দিকা।
চার বিজয়ীর প্রত্যেককে দেওয়া হয়েছে ৩ হাজার মার্কিন ডলার, পদক ও সনদ। শুধু পুরস্কার পাওয়ার মধ্যেই সুযোগ সীমাবদ্ধ নয়। নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে তাঁরা ‘হোন্ডা ওয়াইইএস প্লাস’ কর্মসূচির আওতায় জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পাবেন।
তরুণ উদ্ভাবকদের উৎসাহ দেওয়াই লক্ষ্য
হোন্ডা ফাউন্ডেশন ২০০৬ সাল থেকে বিভিন্ন দেশে তরুণ প্রকৌশলী ও বিজ্ঞানীদের মেধা এবং উদ্ভাবনী সক্ষমতাকে স্বীকৃতি দিতে ওয়াইইএস পুরস্কার দিয়ে আসছে। বাংলাদেশে এই পুরস্কার কার্যক্রম শুরু হয় ২০১৯ সালে।
বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে সমাজের উন্নয়নে অবদান রাখার সম্ভাবনা রয়েছে—এমন তরুণ প্রতিভাদের উৎসাহিত করাই এই পুরস্কারের অন্যতম লক্ষ্য।
বাংলাদেশের প্রযুক্তিখাতে নতুন সম্ভাবনা
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রকৌশলীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর সমাধান ভবিষ্যতে বাংলাদেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়েও এসব তরুণের দক্ষতা দেশের জন্য ইতিবাচক সম্ভাবনা তৈরি করছে।
বাংলাদেশে ধারাবাহিকভাবে এমন উদ্যোগ চালু থাকলে তরুণ প্রকৌশলী ও বিজ্ঞানীদের গবেষণা এবং উদ্ভাবনী কাজে আগ্রহ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








০ টি মন্তব্য