অ্যাপল ম্যাপস ব্যবহারকারীদের জন্য নতুন একটি পরিবর্তন আনল প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এখন থেকে ম্যাপস অ্যাপে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের বিজ্ঞাপনও দেখা যাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করা হয়েছে।
অ্যাপল জানিয়েছে, কয়েক দিন ধরে সীমিত পরিসরে বিজ্ঞাপন প্রদর্শন শুরু হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে আরও ব্যবহারকারীর কাছে এ সুবিধা পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে ম্যাপস ব্যবহার করে কোনো স্থান বা ব্যবসাপ্রতিষ্ঠান খোঁজার সময় সংশ্লিষ্ট বিজ্ঞাপন সামনে আসতে পারে।
ম্যাপসে মূলত দুই ধরনের জায়গায় বিজ্ঞাপন প্রদর্শিত হবে। কোনো স্থান খোঁজার আগে সার্চ পেজের ‘সাজেস্টেড প্লেসেস’ অংশে বিজ্ঞাপন দেখা যেতে পারে। আবার কোনো নির্দিষ্ট স্থান বা ব্যবসাপ্রতিষ্ঠানের নাম লিখে সার্চ করলে প্রাসঙ্গিক বিজ্ঞাপন সার্চ ফলাফলের মধ্যেও দেখানো হবে।
বিজ্ঞাপনগুলো দেখতে ম্যাপসে থাকা সাধারণ ব্যবসাপ্রতিষ্ঠানের তালিকার মতোই হবে। তবে কোনটি বিজ্ঞাপন আর কোনটি সাধারণ তালিকা, তা বোঝানোর জন্য বিজ্ঞাপনের পাশে ছোট নীল রঙের ‘অ্যাড’ ব্যাজ থাকবে। ফলে ব্যবহারকারীরা সহজেই স্পনসর করা তালিকা শনাক্ত করতে পারবেন।
তবে বিজ্ঞাপন চালুর পাশাপাশি ব্যবহারকারীর গোপনীয়তার বিষয়টিও গুরুত্ব দিচ্ছে অ্যাপল। প্রতিষ্ঠানটির দাবি, ম্যাপসে বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রেও তাদের গোপনীয়তাকেন্দ্রিক নীতি অনুসরণ করা হবে। ব্যবহারকারীর অবস্থানের তথ্য কিংবা তিনি কোন বিজ্ঞাপন দেখেছেন বা তাতে কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন—এসব তথ্য অ্যাপল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা হবে না।
অ্যাপলের ভাষ্য অনুযায়ী, এ ধরনের ব্যক্তিগত তথ্য ব্যবহারকারীর ডিভাইসেই থাকবে। প্রতিষ্ঠানটি এসব তথ্য সংগ্রহ বা সংরক্ষণ করবে না এবং তৃতীয় পক্ষের কাছেও তা সরবরাহ করা হবে না।








০ টি মন্তব্য