https://powerinai.com/

সাম্প্রতিক খবর

বিদ্যুৎহীন এলাকায় চিকিৎসাসেবা দিতে ছুটছে বিশ্বের প্রথম সোলার অ্যাম্বুলেন্স

বিদ্যুৎহীন এলাকায় চিকিৎসাসেবা দিতে ছুটছে বিশ্বের প্রথম সোলার অ্যাম্বুলেন্স বিদ্যুৎহীন এলাকায় চিকিৎসাসেবা দিতে ছুটছে বিশ্বের প্রথম সোলার অ্যাম্বুলেন্স
 

দুর্গম ও বিদ্যুৎ–সংযোগহীন এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে সৌরশক্তিচালিত অ্যাম্বুলেন্স ‘স্টেলা জুভা’। গাড়িটির ছাদে থাকা সোলার প্যানেলের মাধ্যমে চলার সময়ই ব্যাটারি চার্জ হয়। পাশাপাশি গাড়ি থামিয়ে অতিরিক্ত বিদ্যুৎ সংগ্রহের জন্য প্যানেলগুলো বাইরে প্রসারিত করা যায়।

আফ্রিকার অনেক প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে দীর্ঘ সময় লাগে। একই সঙ্গে বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় আলট্রাসাউন্ডসহ প্রয়োজনীয় অনেক সেবা দেওয়া সম্ভব হয় না। এই সমস্যার কথা মাথায় রেখেই স্টেলা জুভা তৈরি করা হয়েছে।

নেদারল্যান্ডসের আইন্দহোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজি ও আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৩ শিক্ষার্থীর দল ‘সোলার টিম আইন্দহোভেন’ এই প্রকল্প তৈরি করেছে। তাদের দাবি, স্টেলা জুভা বিশ্বের প্রথম সোলার অ্যাম্বুলেন্স। তবে এটি শুধু রোগী পরিবহনের জন্য নয়, বরং প্রত্যন্ত অঞ্চলে একটি চলমান স্বাস্থ্যকেন্দ্র হিসেবেও কাজ করতে পারে।

গাড়িটিতে এক্স-রে মেশিন, আলট্রাসাউন্ড যন্ত্র এবং টিকা সংরক্ষণের জন্য বিশেষ ফ্রিজসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম রাখা হয়েছে। ফলে বিদ্যুৎ সুবিধা নেই এমন এলাকায় পৌঁছেও এসব সরঞ্জাম ব্যবহারের সুযোগ রয়েছে।

সম্প্রতি কেনিয়ার বেসরকারি স্বাস্থ্য সংস্থা আম্রেফ হেলথ আফ্রিকার সহযোগিতায় স্টেলা জুভার কার্যকারিতা পরীক্ষা করা হয়। দুর্গম ও কাঁচা রাস্তা পেরিয়ে গাড়িটি ৮০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে। পরীক্ষায় দেখা যায়, গাড়িটি থামানো অবস্থায় চিকিৎসা সরঞ্জামগুলো একসঙ্গে চালানোর পরও প্রয়োজনের তুলনায় বেশি সৌরবিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে।

পরীক্ষার সময় কোনো প্রকৃত রোগীর ওপর চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করা হয়নি। তবে সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, দুই দিনে প্রায় ২০০ মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা রয়েছে এই ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্রটির।

কেনিয়ার বিদ্যুৎবিহীন মোসিরো এলাকার একটি ক্লিনিকেও গাড়িটি নিয়ে যাওয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন, এসব অঞ্চলে বিদ্যুতের অভাবে বিশেষ করে গর্ভবতী নারীদের আলট্রাসাউন্ডের মতো গুরুত্বপূর্ণ সেবা পেতে সমস্যায় পড়তে হয়। সেখানে সৌরশক্তিচালিত এই স্বাস্থ্যকেন্দ্র কার্যকর ভূমিকা রাখতে পারে।

সোলার টিম আইন্দহোভেন ২০১৩ সাল থেকে টেকসই যানবাহন তৈরির বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছে। এর আগে তারা সৌরশক্তিচালিত ক্যাম্পারভ্যান ও অফ-রোড সোলার যানও তৈরি করেছে।

প্রকল্পটির সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের মতে, সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ–সংকটে থাকা প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার সুযোগ রয়েছে। ভবিষ্যতে স্টেলা জুভার মতো প্রযুক্তি স্বাস্থ্যসেবার পরিধি আরও বাড়াতে সহায়তা করতে পারে।

সূত্র: CNN








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।