কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানুষের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা কমিয়ে দিতে পারে বলে সতর্ক করেছেন হার্ভার্ডের ইতিহাসবিদ জিল লেপোর। তিনি মনে করেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান প্রভাবের কারণে ধীরে ধীরে এমন একটি ‘কৃত্রিম রাষ্ট্র’ গড়ে উঠতে পারে।
দ্য নিউইয়র্ক টাইমসের ‘হার্ড ফর্ক’ পডকাস্টে লেপোর বলেন, ভবিষ্যতে রাষ্ট্রের বিভিন্ন সিদ্ধান্ত মানুষের সম্মতির বদলে মেশিনের মাধ্যমে পরিচালিত হওয়ার ঝুঁকি রয়েছে। বড় প্রযুক্তি কোম্পানিগুলো ডিজিটাল যোগাযোগ ও তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ করায় তাদের প্রভাবও বাড়ছে।
তার মতে, এআই ইতিমধ্যে মানুষের দৈনন্দিন সিদ্ধান্তে প্রভাব ফেলছে। খবর পাওয়া, রাজনৈতিক তথ্য দেখা কিংবা কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার ক্ষেত্রেও মানুষ ক্রমেই এআই ও সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নির্ভরশীল হয়ে উঠছে।
লেপোর আরও সতর্ক করেন, এআইকে অনিবার্য প্রযুক্তি হিসেবে গ্রহণ করার প্রবণতা গণতন্ত্রের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি মানুষের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ ও সামাজিক সম্পর্ক রক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন।









০ টি মন্তব্য