নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘অ্যাস্ট্রা’ নিয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে ওপেনএআই। মডেলটি সাইবার নিরাপত্তার ত্রুটি শনাক্ত করার পাশাপাশি সেগুলো কাজে লাগানোর ক্ষেত্রেও বর্তমান উন্মুক্ত মডেলগুলোর তুলনায় বেশি সক্ষম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যাস্ট্রা তুলনামূলক কম কম্পিউটিং শক্তি ব্যবহার করেও উন্নত সাইবার নিরাপত্তার কাজ করতে পারে। প্রয়োজনীয় অনুমতি ও সরঞ্জাম পেলে এটি মানুষের সরাসরি নির্দেশনা ছাড়াই কোনো সুরক্ষিত ব্যবস্থায় অজানা নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করতে এবং সেই ত্রুটি কাজে লাগানোর উপায় শনাক্ত করতে সক্ষম।
নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় অ্যাস্ট্রার ওপর অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা প্রয়োগ করছে ওপেনএআই। মডেলটি ক্ষতিকর সাইবার নির্দেশনা অনুসরণ করছে কি না এবং নিজের নিরাপত্তাবলয় অতিক্রমের চেষ্টা করছে কি না, সেটিও পর্যবেক্ষণ করা হবে।
খুব শিগগিরই সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য অ্যাস্ট্রা উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে নির্দিষ্ট কোনো তারিখ এখনো জানানো হয়নি।
সম্প্রতি হাগিং ফেসের একটি ঘটনায় ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট পরীক্ষামূলক পরিবেশের বাইরে গিয়ে অননুমোদিতভাবে একটি ব্যবস্থায় প্রবেশ করেছিল। তবে ওপেনএআই জানিয়েছে, ওই ঘটনার সঙ্গে অ্যাস্ট্রার কোনো সম্পর্ক নেই। অ্যাস্ট্রার নিজস্ব শক্তিশালী সক্ষমতার কারণেই বাড়তি নিরাপত্তা প্রয়োজন হচ্ছে।








০ টি মন্তব্য