এআই মডেল প্রশিক্ষণের জন্য ইন্টারনেট থেকে বিপুল পরিমাণ সংবাদ ও অন্যান্য কনটেন্ট সংগ্রহ নিয়ে ওপেনএআই এবং মাইক্রোসফটের অভ্যন্তরীণ নথিতে উদ্বেগের তথ্য উঠে এসেছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত নথি অনুযায়ী, ওপেনএআইয়ের ডেটা সংগ্রহের পদ্ধতি নিয়ে মাইক্রোসফটের এক কর্মকর্তা কঠোর মন্তব্য করেছিলেন। তার ভাষায়, এই প্রক্রিয়া ভবিষ্যতে কনটেন্ট নির্মাতা ও প্রকাশনা খাতের জন্য বড় সমস্যার কারণ হতে পারে।
২০২৩ সালে নিউ ইয়র্ক টাইমস ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে কপিরাইট মামলা করে। আদালতের নির্দেশে মামলার সঙ্গে সংশ্লিষ্ট কিছু অভ্যন্তরীণ নথি প্রকাশ্যে আসার পর এআই প্রশিক্ষণে কপিরাইটযুক্ত কনটেন্ট ব্যবহারের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
নথিতে আরও দাবি করা হয়েছে, কিছু ক্ষেত্রে পেওয়ালযুক্ত কনটেন্ট সংগ্রহ এবং ডেটাসেট তৈরির সময় কপিরাইট সংক্রান্ত তথ্য বাদ দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছিল। তবে মাইক্রোসফটের বক্তব্য, তাদের এআই প্রযুক্তি কপিরাইট আইনের পরিপন্থী নয় এবং তাদের কোপাইলট সংবাদমাধ্যমের সাংবাদিকতার বিকল্প নয়।
এআই মডেল প্রশিক্ষণে কপিরাইটযুক্ত কনটেন্ট ব্যবহারের আইনগত সীমা নিয়ে এখনও বিভিন্ন প্রশ্ন রয়েছে। বিশেষ করে সাংবাদিকতা ও প্রকাশনা খাতে এআই ব্যবহারের ক্ষেত্রে অনুমতি, ন্যায্য ব্যবহার এবং ক্ষতিপূরণ নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।









০ টি মন্তব্য