তরুণ ও সম্ভাবনাময় উদ্ভাবকদের নতুন প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরতে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ উপলক্ষে রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর ডিজিটাল প্রচারণা কার্যক্রমের কাউন্টডাউন উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
ডিজিটাল প্রচারণা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত সচিব ড. সৈয়দা নওশিন পর্ণিনী এবং যুগ্মসচিব শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের তরুণ উদ্ভাবকদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যেই এই ইনোভেশন ফেয়ারের আয়োজন করা হচ্ছে। মেলায় বিভিন্ন ধরনের নতুন প্রযুক্তি, উদ্ভাবনী ধারণা ও প্রকল্প প্রদর্শনের সুযোগ পাবেন তরুণ উদ্ভাবকেরা।
ডিজিটাল প্রচারণার অংশ হিসেবে আজ থেকে ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং মেলার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আয়োজনের বিভিন্ন তথ্য নিয়মিত প্রচার করা হবে। এর মধ্যে থাকবে মেলার আপডেট, নতুন উদ্ভাবনী উদ্যোগ, রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং অংশগ্রহণের প্রয়োজনীয় নির্দেশনা।
আয়োজকদের আশা, তিন দিনব্যাপী এই মেলার মাধ্যমে দেশের তরুণ উদ্ভাবকদের প্রতিভা ও সৃজনশীলতা আরও বিস্তৃত পরিসরে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক নতুন উদ্যোগকে উৎসাহিত করার ক্ষেত্রেও ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিবিটেক/এমএপি/এসএমই









০ টি মন্তব্য