https://powerinai.com/

সাম্প্রতিক খবর

বাংলা কিউআরে আন্তঃব্যাংক চার্জ থাকছে না, প্রণোদনাও দেবে বাংলাদেশ ব্যাংক

বাংলা কিউআরে আন্তঃব্যাংক চার্জ থাকছে না, প্রণোদনাও দেবে বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআরে আন্তঃব্যাংক চার্জ থাকছে না, প্রণোদনাও দেবে বাংলাদেশ ব্যাংক
 

ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার এবং ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের উৎসাহিত করতে বাংলা কিউআরভিত্তিক লেনদেনে নতুন সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনে ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি বা আন্তঃব্যাংক চার্জ নেওয়া হবে না।

একই সঙ্গে নির্দিষ্ট সীমার লেনদেনে মার্চেন্ট ও কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠানকে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলা কিউআর কোডের মাধ্যমে হওয়া লেনদেনে ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি (আইআরএফ) শূন্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান এবং মার্চেন্টের পেমেন্ট গ্রহণকারী প্রতিষ্ঠান এ বাবদ কোনো ফি বা সার্ভিস চার্জ নিতে পারবে না।

সোমবার (১০ আগস্ট) এ বিষয়ে পৃথক সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দেশের সব ব্যাংক, মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সার্ভিস অপারেটরকে (পিএসও) নির্দেশনাগুলো মেনে চলতে বলা হয়েছে।

আগের সিদ্ধান্ত থেকে সরে এলো কেন্দ্রীয় ব্যাংক

এর আগে গত ১ জুলাই বাংলা কিউআর কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে ভ্যাটসহ সর্বনিম্ন ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক।

তবে অতিরিক্ত চার্জের কারণে বাজারের লেনদেনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা এবং বিভিন্ন অংশীজনের দাবির পরিপ্রেক্ষিতে ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক।

মার্চেন্ট ও কার্ড ইস্যুকারীদের জন্য প্রণোদনা

বাংলা কিউআরভিত্তিক এনপিএসবি লেনদেনে মার্চেন্টদের জন্য প্রণোদনার ব্যবস্থাও করা হয়েছে। পণ্য বিক্রেতা ও সেবা প্রদানকারীদের মার্চেন্ট পয়েন্টে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে।

নির্দেশনা অনুযায়ী, লেনদেনের পরিমাণের ০.১০ শতাংশ হারে পেমেন্ট গ্রহণকারী প্রতিষ্ঠানকে প্রণোদনা দেওয়া হবে। অর্থাৎ প্রতি ১ হাজার টাকা লেনদেনে ১ টাকা হারে প্রণোদনা পাওয়া যাবে।

অন্যদিকে, কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান মাসিক ভিত্তিতে লেনদেনের পরিমাণের ০.২০ শতাংশ হারে প্রণোদনা পাবে। অর্থাৎ প্রতি ১ হাজার টাকা লেনদেনে তারা ২ টাকা হারে প্রণোদনা পাবে।

নতুন এই ব্যবস্থা আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআরের সব লেনদেনে কার্যকর হবে।

গ্রাহকের ওপর থাকবে না অতিরিক্ত চার্জ

নতুন ব্যবস্থার ফলে কোনো গ্রাহক দোকানে বাংলা কিউআর কোড স্ক্যান করে ১ হাজার টাকা পরিশোধ করলে ওই লেনদেনের জন্য গ্রাহকের ব্যাংক বা মার্চেন্টের ব্যাংক আন্তঃব্যাংক চার্জ হিসেবে কোনো অর্থ কেটে নিতে পারবে না।

তবে প্রণোদনা পাওয়ার জন্য কোনো লেনদেনকে ইচ্ছাকৃতভাবে ছোট ছোট অংশে ভাগ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ ছাড়া ব্যর্থ, বাতিল, রিভার্স, রিফান্ড, চার্জব্যাক বা বিতর্কিত লেনদেনের ক্ষেত্রে কোনো প্রণোদনা দেওয়া হবে না।

অপব্যবহার ঠেকাতে নজরদারি

কোনো মার্চেন্টের ক্ষেত্রে অস্বাভাবিক সংখ্যক বা অস্বাভাবিক ধরনের লেনদেন শনাক্ত হলে সংশ্লিষ্ট পেমেন্ট গ্রহণকারী প্রতিষ্ঠানকে তা পর্যবেক্ষণ ও যাচাই করতে হবে।

কৃত্রিমভাবে লেনদেন ভাগ করা, ক্যাশ আউট কিংবা অন্য কোনো উপায়ে ব্যবস্থাটির অপব্যবহার ঠেকাতেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

প্রয়োজনে সংশ্লিষ্ট লেনদেন, মার্চেন্ট, নিষ্পত্তি এবং প্রণোদনার রেকর্ড যাচাই ও নিরীক্ষা করতে পারবে বাংলাদেশ ব্যাংক। ভুল বা অতিরিক্ত প্রণোদনা দেওয়া হলে তা ফেরত নেওয়া হবে অথবা পরবর্তী প্রণোদনার অর্থের সঙ্গে সমন্বয় করা হবে।

বাংলাদেশ ব্যাংকের মতে, নতুন এই উদ্যোগের মূল লক্ষ্য মার্চেন্ট পেমেন্টকে আরও সহজ করা, ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে যুক্ত করা এবং নিরাপদ, সাশ্রয়ী ও আন্তঃসংযুক্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলা।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।