প্রথম আইফোন বাজারে আসার ২০ বছর পূর্তি উপলক্ষে ২০২৭ সালে বিশেষ নকশার আইফোন উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে অ্যাপল—এমনটাই জানিয়েছেন ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক মার্ক গুরম্যান। তাঁর দাবি, আইফোন প্রো সিরিজের পরবর্তী মডেলগুলোতে প্রচলিত নকশার পরিবর্তে কাঁচনির্ভর নতুন ডিজাইন দেখা যেতে পারে।
এর আগে জেফরিসের বিশ্লেষক এডিসন লি জানিয়েছিলেন, ২০তম বার্ষিকী উপলক্ষে পুরোপুরি কাঁচের তৈরি আইফোন আনার পরিকল্পনা থেকে সরে এসেছে অ্যাপল। তবে গুরম্যানের মতে, বিষয়টি পুরোপুরি এমন নয়। সম্পূর্ণ কাঁচের ফোন তৈরির উচ্চাকাঙ্ক্ষী ধারণাটি বাদ দেওয়া হলেও কাঁচ-প্রধান নতুন নকশার কাজ এখনো চলছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের আইফোন প্রো মডেলের সামনে ও পেছনে বিশেষ ধরনের কাঁচ ব্যবহার করা হবে। এই কাঁচ ডিভাইসের পাশের প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকবে। সামনে ও পেছনের কাঁচের মাঝখানে সরু একটি ধাতব রিং বা ব্যান্ড রাখা হতে পারে। এতে বর্তমান আইফোনের তুলনায় ফোনটির বাহ্যিক নকশায় বড় ধরনের পরিবর্তন আসবে।
অ্যাপলের অভ্যন্তরীণ সূত্রে নতুন ডিজাইনের ডিভাইস দুটির সাংকেতিক নাম ‘ভি৭৩’ ও ‘ভি৭৪’ বলে উল্লেখ করা হয়েছে। তবে পুরোপুরি কাঁচের তৈরি করার যে ধারণা একসময় বিবেচনা করা হয়েছিল, সেটি নকশার প্রাথমিক পর্যায়েই বাদ দেওয়া হয় বলে জানিয়েছেন গুরম্যান।
২০০৭ সালে প্রথম আইফোন বাজারে আসার পর ২০২৭ সালে পেরোবে দুই দশক। তাই এই বার্ষিকীকে ঘিরে অ্যাপল বড় ধরনের নকশাগত পরিবর্তন আনতে পারে বলে প্রযুক্তি অঙ্গনে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে।
নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে আইফোনে এটিই হতে পারে অন্যতম বড় বাহ্যিক পরিবর্তন। এতে প্রচলিত ধাতব ফ্রেমের ব্যবহার কমিয়ে কাঁচের উপস্থিতি আরও বাড়ানো হতে পারে। তবে ২০২৭ সালের আইফোনের নকশা নিয়ে অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
সূত্র: সামা টিভি
.png)
.png)
.png)
.png)




০ টি মন্তব্য