গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনির মাসিক ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে। এর কয়েক সপ্তাহ আগেই একই মাইলফলক অতিক্রম করেছে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি। ফলে এআই চ্যাটবটের বাজারে গুগল ও ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বিতা আরও জোরালো হচ্ছে।
গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, প্রতি মাসে ১০০ কোটির বেশি মানুষ জেমিনি ব্যবহার করছেন। তাঁর দাবি, গুগলের পণ্যগুলোর মধ্যে জেমিনিই সবচেয়ে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে।
অন্যদিকে, ওপেনএআই গত ৬ আগস্ট জানিয়েছে, চ্যাটজিপিটির ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে। এর আগে বিভিন্ন তৃতীয় পক্ষের তথ্যেও চলতি বছরের জুনে চ্যাটজিপিটির মাসিক ব্যবহারকারী এই সীমা অতিক্রম করার ইঙ্গিত পাওয়া গিয়েছিল।
তবে দুই প্রতিষ্ঠানের প্রকাশ করা ব্যবহারকারীর হিসাব সরাসরি তুলনা করা ঠিক হবে না। ওপেনএআই ফেব্রুয়ারিতে জানিয়েছিল, চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী ছিল প্রায় ৯০ কোটি। পাঁচ মাসের ব্যবধানে সেই সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে। তবে চ্যাটজিপিটির বর্তমান মাসিক সক্রিয় ব্যবহারকারীর নির্দিষ্ট সংখ্যা এখনো প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
জেমিনির ব্যবহারকারী বৃদ্ধির গতিও ছিল উল্লেখযোগ্য। ফেব্রুয়ারিতে গুগল জানিয়েছিল, জেমিনির মাসিক ব্যবহারকারী ছিল প্রায় ৭৫ কোটি। জুলাইয়ের শেষ দিকে তা বেড়ে ৯৫ কোটিতে পৌঁছায়। এরপর মাত্র কয়েক দিনের ব্যবধানেই ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করে সেবাটি।
এআই চ্যাটবটের বাজারে দীর্ঘদিন ধরে শক্ত অবস্থানে রয়েছে চ্যাটজিপিটি। তবে জেমিনির দ্রুত ব্যবহারকারী বৃদ্ধি গুগলের এআই কৌশলের সাফল্যের পাশাপাশি দুই প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যৎ প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: দ্য ভার্জ
.png)
.png)
.png)
.png)




০ টি মন্তব্য