কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অবকাঠামোতে নিজেদের সক্ষমতা বাড়াতে এবার নিজস্ব চিপ তৈরি করেছে ওপেনএআই। ‘জালাপেনিও’ নামের এই চিপের মাধ্যমে এআই মডেলের উত্তর তৈরির প্রক্রিয়া বা ইনফারেন্স আরও দ্রুত ও দক্ষ করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।
এআই মডেল প্রশিক্ষণের পর ব্যবহারকারীর প্রশ্ন বা নির্দেশনা বিশ্লেষণ করে যে প্রক্রিয়ায় উত্তর তৈরি করে, সেটিই ইনফারেন্স নামে পরিচিত। চ্যাটজিপিটিতে প্রশ্ন করা কিংবা এআই দিয়ে কোড তৈরি করার সময়ও এই প্রযুক্তি কাজ করে। ওপেনএআই জানিয়েছে, মূলত এই ধরনের কাজের কথা মাথায় রেখেই জালাপেনিও চিপের নকশা করা হয়েছে।
সম্প্রতি প্রকাশিত এক ব্লগ পোস্টে ওপেনএআই জানিয়েছে, জালাপেনিও চিপের কার্যকারিতা কয়েকটি এআই মডেলের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় জিপিটি-ওএসএস-১২০বি, ডিপসিক-আর১ এবং কিমি-কে২.৫-এর মতো মডেল ব্যবহার করা হয়।
এআই ব্যবস্থায় শুধু বেশি কর্মক্ষমতা নয়, দ্রুত প্রতিক্রিয়া এবং বিদ্যুৎ ব্যবহারের দক্ষতাও গুরুত্বপূর্ণ। ওপেনএআইয়ের দাবি, নতুন চিপটি এসব বিষয় বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে। ফলে এআই মডেলের উত্তর তৈরির গতি বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারের দক্ষতাও উন্নত হতে পারে।
জালাপেনিও তৈরির কাজে ওপেনএআইয়ের সঙ্গে অংশীদার হিসেবে কাজ করেছে ব্রডকম। অন্যদিকে চিপের বোর্ড, র্যাক সিস্টেম এবং উৎপাদনের প্রয়োজনীয় হার্ডওয়্যার তৈরিতে সহযোগিতা করেছে সেলেস্টিকা।
ওপেনএআই জানিয়েছে, শুধু চিপের নকশার ওপর গুরুত্ব না দিয়ে পুরো এআই অবকাঠামোকে একসঙ্গে বিবেচনা করা হয়েছে। এর মধ্যে সফটওয়্যার, মেমোরি, নেটওয়ার্কিং এবং এআই মডেল পরিচালনার অবকাঠামোও রয়েছে। এই সমন্বিত নকশার ফলে পুরো ব্যবস্থার কর্মক্ষমতা আরও বাড়ানো সম্ভব হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
নিজস্ব এআই চিপ তৈরির উদ্যোগের মাধ্যমে এআই হার্ডওয়্যার খাতে এনভিডিয়ার ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি নিজেদের প্রযুক্তিগত নিয়ন্ত্রণ আরও বাড়াতে চাইছে ওপেনএআই। এআই ব্যবহারের পরিধি দ্রুত বাড়তে থাকায় ভবিষ্যতে এ ধরনের বিশেষায়িত চিপের গুরুত্ব আরও বাড়বে বলে মনে করছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা।









০ টি মন্তব্য